১৫ মে ২০২৬, ১০:৪৬

পে স্কেলের চূড়ান্ত সুপারিশ ও বাজেটে বরাদ্দ চেয়ে সরকারি কর্মচারীদের কর্মসূচি ঘোষণা

নবম পে-স্কেল  © টিডিসি ফটো

৯ম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রণয়ন, আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৬ মে ২০২৬ শনিবার রাজধানীতে মৌন মিছিল এবং পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, '৯ম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সচিব কমিটি চূড়ান্ত সুপারিশ প্রণয়ন, আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে আগামী ১৬ই মে ২০২৬ইং রোজ শনিবার বিকাল ৩ টায় মৌন মিছিল এবং মিছিল শেষে বিকেল ৩.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের আব্দুস ছালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীর কল্যাণ সমিতির উদ্দ্যেগে একই দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।'

সংগঠনটি আরও জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট পত্রিকা ও সংস্থাগুলোকে একজন করে রিপোর্টার ও ফটো সাংবাদিক পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।