২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭

শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন ১৪ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগে ৪জন লেকচারার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩টি স্থায়ী এবং ১টি ছুটিজনিত শূন্য পদ রয়েছে। এ পদগুলোতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লেকচারার পদে নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০২৬)।

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের সমুদ্রবিজ্ঞান অথবা রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ জিপিএ থাকতে হবে।

তবে যেসব প্রার্থী স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান অথবা সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত যোগ্যতা শিথিলযোগ্য।

আরও দেখুন: ১১০ পদ, বিসিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্মত জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত ও নোট প্রযোজ্য হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটসহ আট কপি আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিটি আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

আরও দেখুন: বগুড়া কর অঞ্চলে নিয়োগ, আবেদন শুরু ২৬ নভেম্বর

আবেদনপত্র আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য ও শর্তাবলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখুন।

বিস্তারিত জানতে নিচে দেখুন।