১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬

৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়   © টিডিসি ছবি

চারটি অনুষদের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যবসায় শিক্ষা, প্রকৌশল ও ভৌতবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে আবেদনের সুযোগ রয়েছে। পদভেদে আবেদন করতে পারবেন স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীরা। আগ্রহী প্রার্থীদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয়টির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। অসাধারণ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

যেসব অনুষদে নিয়োগ দেওয়া হবে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অনুষদগুলো হলো—

১. স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই)।
২. স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স (এসইপিএস)।
৩. স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এসএইচএসএস)।
৪. স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস (এসএইচএলএস)।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসে যেসব বিষয়ে নিয়োগ

এ অনুষদে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, বিজনেস অ্যানালিটিক্স, এআই ইন বিজনেস, বিজনেস ইন্টেলিজেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, অপারেশনস রিসার্চ এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এসব বিষয়ে আবেদন করতে প্রার্থীদের পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞপ্তিতে এসব ক্ষেত্রের জন্য পিএইচডি বাধ্যতামূলক করা হয়েছে।

স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সে নিয়োগ

এ অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার অ্যান্ড সিস্টেমস বিষয়ে শিক্ষক নেওয়া হবে।

এ ছাড়া গণিত, কম্পিউটেশনাল ম্যাথমেটিকস, কম্পিউটেশনাল সায়েন্স, ফিন্যান্সিয়াল ম্যাথমেটিকস, অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস, অ্যাকচুয়ারিয়াল ম্যাথমেটিকস, ম্যাথমেটিকস ফর ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সসহ অ্যাপ্লায়েড ম্যাথমেটিকসের জন্য হাই-পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) বিষয়ে আবেদন করা যাবে।

এ ছাড়া স্ট্যাটিস্টিকস, অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিকস ও কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিকস বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে স্ট্যাটিস্টিকস-সংশ্লিষ্ট এ পদের জন্য পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক।

স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসে নিয়োগ

এ অনুষদে আইন, ইংলিশ লিঙ্গুইস্টিকস এবং ইতিহাস বিষয়ে শিক্ষক নেওয়া হবে। ইতিহাসের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এ তিনটি ক্ষেত্রেই আবেদন করতে প্রার্থীদের পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসে নিয়োগ

এ অনুষদে এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিকস এবং মাইক্রোবায়োলজি বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী প্রার্থীদের আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচনা করবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

লেকচারার ও সিনিয়র লেকচারার পদে আবেদনের জন্য স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও এর ওপরের পদগুলোর জন্য পিএইচডি বা উচ্চতর যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল প্রাথমিকভাবে বাছাই করা বা শর্টলিস্টেড প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

যেসব সুযোগ-সুবিধা পাবেন

নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধার প্যাকেজ দেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, পরিবহন ভাতা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং বীমা সুবিধা।

এ ছাড়া অসাধারণ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে সংশ্লিষ্ট একাডেমিক ক্ষেত্র বা বিষয়ের জন্য আবেদন জমা দিতে হবে।

আবেদন করতে ভিজিট করুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।  

আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে এশিয়া ২০২৬ তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৯তম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ এর অবস্থান ৯০১ থেকে ৯৫০-এর মধ্যে।

এ ছাড়া টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এর বৈশ্বিক অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।