২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৯

৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে নিয়োগবঞ্চিতদের সংবাদ সম্মেলন  © টিডিসি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জামালপুরের নিয়োগবঞ্চিত ৫২ জনের মধ্যে দ্বিতীয় ধাপে মাত্র একজনকে নিয়োগপত্র দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিয়োগবঞ্চিতরা। একই প্রক্রিয়ায় তাদের ৫১ জনকে দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ সংবাদ সম্মেলন করেন নিয়োগবঞ্চিত শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জামালপুরের ৫২ জন দীর্ঘদিন ধরে নিয়োগবঞ্চিত রয়েছেন। তাঁদের নিয়োগের বিষয়টি দ্রুত ও ন্যায়সংগতভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি।

শিক্ষকদের অভিযোগ, দ্বিতীয় ধাপে নতুন করে মাত্র একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। অথচ একই প্রক্রিয়ায় নিয়োগবঞ্চিত আরও ৫১ জন এখনো নিয়োগপত্রের অপেক্ষায় রয়েছেন। এতে তাঁদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাঁরা বলেন, ‘আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। আমরা চাই ন্যায্যতা, স্বচ্ছতা এবং একই পরিস্থিতিতে সমান আচরণ।’

সংবাদ সম্মেলনে শিক্ষকরা ৫১ জনসহ মোট ৫২ জনের নিয়োগের বিষয়টি দ্রুত নিষ্পত্তি, দ্বিতীয় ধাপে একজনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনুসরণ করা নীতিমালা ও প্রক্রিয়া স্পষ্ট করা এবং একই নিয়োগ প্রক্রিয়ায় একই অবস্থানে থাকা শিক্ষকদের বিষয়ে সমান ও ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

এ ছাড়া বিষয়টি সমাধানে জেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। দ্রুত নিয়োগ দেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।