জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ট্রেজারার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি পুনঃপ্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বাস্থ্য ও স্থিতিশীলতা তদারক করবেন। একই সঙ্গে আর্থিক বিধিবিধান মেনে চলা নিশ্চিত করা, কৌশলগত আর্থিক পরিকল্পনায় সহায়তা, বাজেট তদারকি ও প্রশাসনিক নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। পিএইচডি অথবা কোম্পানি অ্যাফেয়ার্স, করপোরেট খাত, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য অভিজ্ঞতাসম্পন্ন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (এফসিএমএ) প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: স্বনামধন্য কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে অধ্যাপনা, প্রশাসনিক অথবা আর্থিক ব্যবস্থাপনায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য: বিশ্ববিদ্যালয়ের তহবিলের সার্বিক তদারকি, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ নিশ্চিত করা, বার্ষিক বাজেট প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা এবং হিসাবরক্ষণ নিশ্চিত করতে হবে। নির্ধারিত নীতি ও বিধিবিধান অনুযায়ী সঠিক ও সময়মতো আর্থিক কার্যক্রম পরিচালনা এবং অর্থ ছাড়ের অনুমোদন দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) নির্দেশনা অনুযায়ী এবং ফাইন্যান্স কমিটি ও শীর্ষ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আর্থিক বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরি বা সংশোধনে কাজ করতে হবে। একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে কার্যকরভাবে সহায়তা করার জন্য শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে নেতৃত্ব দিতে হবে।
উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজকে আর্থিক স্বচ্ছতা ও টেকসই আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে কৌশলগত পরামর্শ দিতে হবে। হিসাব বিভাগকে আরও দক্ষ ও কার্যকর করার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, ইউএপি কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের জন্য আর্থিক সেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে হবে।
দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনায় সহায়তার জন্য নিয়মিত আর্থিক পূর্বাভাস প্রস্তুত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থা সম্পর্কে উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজকে প্রতিবেদন দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের তহবিলের বিনিয়োগ কৌশল তৈরি, তদারকি ও পরিচালনার মাধ্যমে আর্থিক মুনাফা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, প্রক্রিয়া ও সরকারি বিধিবিধান মেনে চলতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট প্রস্তুত ও বাস্তবায়ন তদারকি করতে হবে। ফাইন্যান্স বিভাগ এবং একাডেমিক ও প্রশাসনিক ইউনিটগুলোর প্রধানদের সঙ্গে সমন্বয় করে বাজেট নির্দেশিকা তৈরি এবং বিভিন্ন বিভাগের বাজেট বিশ্ববিদ্যালয়ের আর্থিক লক্ষ্য অনুযায়ী হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।
টিউশন ও অন্যান্য ফি, ওয়েভার নীতি, বেতন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য সুবিধা ও ভাতা সংক্রান্ত আর্থিক বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন ও বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বার্থে নীতিমালা পরিবর্তনের প্রয়োজন হলে সে বিষয়ে সুপারিশ করতে হবে।
নির্ধারিত সময়ে বার্ষিক অডিট সম্পন্ন করা এবং ইউএপি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থায় প্রয়োজনীয় আর্থিক হিসাব ও প্রতিবেদন সময়মতো জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া আর্থিক বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব, ট্রেজারি কার্যক্রম পরিচালনা, ব্যাংকিং সম্পর্ক ও নগদ অর্থপ্রবাহ ব্যবস্থাপনা, আর্থিক নথি ও হিসাব তদারকি, বাজেট বরাদ্দ পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট বিভাগ, শাখা ও ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে ব্যয় নিয়ন্ত্রণ এবং ফাইন্যান্স টিমের দক্ষতা ও পেশাগত উন্নয়নে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও থাকবে।
আরও দেখুন: শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রয়োজনীয় দক্ষতা: আর্থিক বিধিবিধান ও নীতিমালা এবং শিক্ষা ও গবেষণা বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দক্ষতা, কার্যকর যোগাযোগ ও আলোচনা-সমঝোতার সক্ষমতা, নেতৃত্ব ও টিম ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং আর্থিক সফটওয়্যার ও টুল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বয়স: ৫০ থেকে ৭০ বছর। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে।
চাকরির মেয়াদ: প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, ২০১০ অনুযায়ী চুক্তিভিত্তিক চার বছর।
বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীর সঙ্গে আলোচনা সাপেক্ষে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া: যোগ্য প্রার্থীদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের কপি ই-মেইলে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা treasurer_search@uap-bd.edu।
আবেদন করা যাবে: ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে দেখুন।