শিক্ষকদের পে-স্কেলের চিঠি পাঠানো নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে আজ রবিবারও অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। এমনকি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের বিষয়েও অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়নি।
রবিবার (২৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, স্কুল-কলেজের শিক্ষকদের পে-স্কেলে অতিরিক্ত বরাদ্দ চাওয়ার চিঠি পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শীর্ষ পর্যায় থেকে চিঠি অনুমোদন না হওয়ায় চিঠি পাঠানো হয়নি। এ ছাড়া কারিগরি ও মাদ্রাসার শিক্ষকদের অতিরিক্ত বরাদ্দের চিঠি অনুমোদনের জন্য তোলাই হয়নি।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অতিরিক্ত বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। চিঠি পাঠাতে কিছুটা সময় লাগতে পারে।’
অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ‘কারিগরি ও মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত জনবলকে পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে হলে পৃথক গেজেট জারি করতে হবে। আমরা অর্থ বিভাগের দিকে চেয়ে রয়েছি। অর্থ বিভাগ গেজেট জারি করা মাত্র অতিরিক্ত বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।’
প্রয়োজন ১০ হাজার কোটি টাকা
এদিকে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে সরকারের ১০ হাজার ৫০ কোটি টাকা প্রয়োজন হবে। এ অর্থের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন স্কুল ও কলেজের জন্য প্রয়োজন প্রায় ৬ হাজার ৮৯৫ কোটি টাকা।
আর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন প্রায় ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ২২১ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে।
মাউশির সংশোধিত হিসাব অনুযায়ী, এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রয়োজন ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। অন্যদিকে, কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা। সব মিলিয়ে মাউশির অধীন স্কুল ও কলেজের জন্য মোট প্রয়োজন ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাবে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রয়োজন প্রায় ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাবে এ খাতে প্রয়োজন ১ হাজার ২২১ কোটি টাকা।