‘আগে আমি ঘনঘন কথা বলতাম, এখন বলি না’
আগে বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে কথা বললেও এখন সতর্কতার কারণে অনেক কিছু এড়িয়ে চলেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার বক্তব্য ও মন্তব্য বিভিন্নভাবে উপস্থাপন ও বিকৃত করা হয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণে এখন সব বিষয়ে কথা বলতে চান না। তবে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তিনি গুরুত্বের সঙ্গে দেখেন এবং সেসব সমস্যা সমাধানে কাজ করেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
পরীক্ষাকেন্দ্রে বৃষ্টির পানি ওঠা এবং এ নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে ২ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আমি বিকেল পাঁচটা পর্যন্ত আবহাওয়াবিদের সঙ্গে বসে ছিলাম। তিনি বলেছিলেন, পরদিন আবহাওয়া ভালো থাকবে। এর দুই দিন পর পরীক্ষা। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এটা কি কেন্দ্রসচিবের দায়িত্বের মধ্যে পড়ে না? সারা বাংলাদেশে ২ হাজার ৭০০টি কেন্দ্রে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে, আর একটি কেন্দ্র নিয়ে আমাকে ঘিরে এত হইচই।
মন্ত্রী বলেন, সকালে ফেসবুকে বিষয়টি দেখে আমি ফোন করেছিলাম। তখন আমাকে বলা হলো, শিক্ষকদের ভবনে তো পানি ওঠেনি। ডিউটিতে থাকা ছেলেমেয়েদের ভবনে পানি উঠেছে। তারা নর্দমার পানি খাচ্ছে। আমি তাদের অন্য জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করেছি।
এঘটনার পর একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ আমি ফোন ধরলাম। তখন আমার সংসদে তিনটি ইস্যু ছিল। এরপরও আমি বিষয়টি নিয়ে কথা বলেছি।’
এক শিক্ষার্থীর সঙ্গে ফোনে কথা বলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখন আমি একটি মেয়েকে ফোন করেছিলাম। তাকে বলেছিলাম, আমার মেয়েটাকে আমি ফার্মের মুরগি বলি, বৃষ্টি হলে তার জ্বর হয়। আমি তোমাদের জ্বর নিয়ে চিন্তিত। রোদ আছে, পরীক্ষাটা দাও। আমি পিতৃসুলভ আদর করে কথা বলেছি। কিন্তু সে কথাকেও টুইস্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবকিছু বোঝেন। ওই কথার কারণে প্রধানমন্ত্রী আমাকে নিয়ে কিছু করেননি। অথচ একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেন, মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?
শিক্ষামন্ত্রী বলেন, আপনারাও কিন্তু আমার টিমের অংশ। আপনারা যেসব রিপোর্টিং করেছেন, আমি প্রত্যেকটা রিপোর্টিংকে গুরুত্ব দিয়ে দেখেছি। আপনারা যেখানে ক্ষতির কথা তুলে ধরেছেন, ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে ব্যক্তিগতভাবে যা দেখেছি, সেগুলোও আমি সমাধানের চেষ্টা করেছি।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যারা শিক্ষা খাত নিয়ে কাজ করতেন, তারা এখন সবাই সিনিয়র পর্যায়ে চলে গেছেন। প্রায় ২০ বছর আগে তাদের কাছে আমি তথ্য পৌঁছে দিতাম। তারা সেগুলো নিয়ে রিপোর্ট করতেন। এরপর আমি সেই রিপোর্টের কাটিং নিয়ে নথিতে বিষয়টি উত্থাপন করতাম। কারণ, আমি চাইতাম সমস্যার সমাধান হোক।