‘কোনো প্রকাশক খারাপ বই দিলে, বই ফেরত দিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনব’
কোনো প্রকাশক নিম্নমানের বই সরবরাহ করলে তা ফেরত দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রকাশকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে কঠোর অবস্থানের কথা জানান তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে এক অনুষ্ঠানে বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “বইগুলো অত্যন্ত সুন্দর হবে, কাগজে কোনো ফাঁকি চলবে না। ৮০ জিএসএম ও ৭০ জিএসএমের কাগজ হবে। প্রিন্টিং অত্যন্ত উন্নত মানের হবে। যদি কোথাও কোনো প্রকাশক খারাপ বই দেয়, সেই বই ফেরত দিয়ে দেব এবং আমরা তাদের শাস্তির আওতায় আনব। কারণ আমরা কোনো বাজে বই নেব না।”
বই পৌঁছানো ও বিতরণের সময়সূচি তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের বই ৩১ আগস্টের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বই আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এরপর আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হবে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “বিগত দিনে বিগত সরকার ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছাতে পারেনি। আমাদের বই প্রাথমিক স্কুলে পৌঁছে গিয়েছে ৩১ আগস্ট। হাইস্কুল ও কলেজের বই পৌঁছে যাবে ৩০ নভেম্বরের মধ্যে। আর আমরা ২৪ তারিখে সারা দেশে বই বিতরণ করব।”
পরীক্ষা ও ফলাফল প্রকাশের পরিকল্পনা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৩ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। পরদিন ২৪ ডিসেম্বর দেশের স্কুল-কলেজগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হবে।
প্রাথমিক শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে নতুন কিছু উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী বছর থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জুতা, মোজা, প্যান্ট, শার্ট ও সালোয়ার-কামিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে।
মিড-ডে মিল কর্মসূচি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “সারা বাংলাদেশে প্রাথমিক স্তরের প্রত্যেকটি স্কুলে মিড-ডে মিল অর্থাৎ দুপুরে স্ন্যাকস বা লাঞ্চ দেওয়া হবে। কিন্ডারগার্টেনগুলোকে ২০ শতাংশ এবং সরকারি প্রাথমিক স্কুলগুলোকে ৮০ শতাংশ আমরা করে দিয়েছি।”
সবশেষে শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে উন্নত মানের পাঠ্যবই তুলে দেওয়া এবং প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশ আরও সুন্দর করার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।