২৪ নভেম্বর ২০২৬, ১৩:০৪

শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।

সংসদীয় কমিটির সভার রেজ্যুলেশন থেকে জানা গেছে, কমিটির সভাপতি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের বদলির প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, ‘অনেক মহিলা শিক্ষক আছেন যাদের নিজ জেলা হতে দূরবর্তী স্থানে বদলি করার কারণে পারিবারিক সমস্যা দেখা দিয়েছে।’

তার ভাষ্য, অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে গেছে, অনেকের ডিভোর্স হয়ে গেছে, অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তিনি এ সকল বিষয় বিবেচনা করে জরুরি ভিত্তিতে একটি নারী শিক্ষকবান্ধব বদলি নীতি প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। 

সভাপতির আলোচনার পর এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে জানতে চাওয়া হয়। জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা বলেন, ‘শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাভুক্ত নয়। বদলি ও অন্যান্য বিষয়গুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) করে থাকে ।’

আরও খবর: স্বামী-স্ত্রীর কর্মস্থল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে জটিলতা, মাউশির সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষকদের বদলি

পরবর্তীতে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রণালয়ে একটি বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে সফটওয়্যার এর মাধ্যমে বদলি নীতিমালা কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মাউশি হতে বদলি সংক্রান্ত একটি সফটওয়্যার প্রণয়ন করা হয়েছে।’

বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশে বলা হয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম দ্রুত অনুমোদন পূর্বক কার্যকর করার সুপারিশ করা হয়।