২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮

নিষিদ্ধ আ.লীগ সম্পৃক্ততার অভিযোগে বিএল কলেজের শিক্ষক থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা

বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম ও সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ  © টিডিসি সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং কলেজ ক্যাম্পাসে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের দুই শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁদের কলেজ থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ওএসডি হওয়া দুই শিক্ষক হলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম ও সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পরও ওই দুই শিক্ষক কলেজ ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠায় গোপনে তৎপর ছিলেন। আগামী ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ক্যাম্পাসে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তাঁরা।

সূত্র জানায়, দুই শিক্ষকের মধ্যে অধ্যাপক ড. মো. শামীমের বাড়ি গোপালগঞ্জে। তাঁরা দুজনই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

প্রজ্ঞাপনে দুই শিক্ষককে সোমবারের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন বিকেল থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।