২৩ নভেম্বর ২০২৬, ১৮:৩৬

যথাসময়ে ঢাবির ভর্তি পরীক্ষা, প্রশংসায় শিক্ষামন্ত্রী

সেমিনারে ড. আ ন ম এহছানুল হক মিলন  © সংগৃহীত

আপিল বিভাগ ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এর আগে গত ১৮ নভেম্বর হাইকোর্ট আদেশ দিয়েছিলেন, আগামী ৩১ ডিসেম্বরের আগে কোনো ভর্তি পরীক্ষা নিতে পারবে না। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ।

হাইকোর্টের এমন আদেশ দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতো প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসনের সুযোগ নিচ্ছে কিনা। পাশাপাশি অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভোগান্তিতে পড়ছে কিনা? এমন প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যথাসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ায় প্রশংসা করেছেন দেশসেরা এই বিদ্যাপীঠের।

তিনি বলেছেন, আমরা বলছি সেশনজট কমাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আসছে সেশনজট কমানোর জন্য। এটা আপনি নেগেটিভলি দেখছেন কেন? পজিটিভলি দেখা দরকার।

আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম সূতিকাগার; চাই সমন্বিত ইকোসিস্টেম’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করে বক্তব্য রাখেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সকলেই দৌড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আসুক। সেটা তো আমি চাই। তাই না? এডমিশনের জন্য আপনি সময় নষ্ট করবেন, এটা তো হয় না। একবার এসএসসির পরীক্ষা দিল, আরেকবার এইচএসসির পরীক্ষা দিল, তারপর এডমিশন পরীক্ষার জন্য আবার এক বছর নিয়ে যাবেন, এতে তো সেশনজটে পড়তে হয়।

বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা প্রসঙ্গে তিনি বলেন, বেকার তো তৈরি হবেই। বেকার তো সারা পৃথিবীতে আছে। আমাদের এখানে কী পরিমাণ হচ্ছে সেটা আমরা পরিষ্কার করে পরিসংখ্যান বুঝতে পারছি না। সেগুলি আপনার খুঁজে বের করে আমাদেরকে একটু বলেন।

এর আগে গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেকার তৈরির কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করে বলেছিলেন, শুধু উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটের সংখ্যা বাড়ালেই হবে না, তাদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা নিশ্চিত করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম তৈরি, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম বাড়াতে হবে।