শিক্ষকদের পে-স্কেলের হিসাব অর্থ বিভাগে পাঠানো নিয়ে যা বলছে মন্ত্রণালয়
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে নতুন করে একটি চিঠি পাঠানোর কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। ইতোমধ্যে চিঠি পাঠানোর জন্য ফাইল তোলা হয়েছে। ফাইল অনুমোদন শেষে এটি অর্থ বিভাগে পাঠানো হবে বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, স্কুল-কলেজের শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন ভাতা দিতে গেলে ৬ হাজার ৮৯৫ কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে স্কুলের জন্য প্রয়োজন ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। আ কলেজের জন্য ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা। অতিরিক্ত এ অর্থ বরাদ্দ দিতে অর্থ বিভাগ থেকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানাতে হবে।
সূত্রের তথ্য বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে যে হিসাব বিবরণী পাঠানো হয়েছে, তা চিঠি আকারে পাঠাতে গত বৃহস্পতিবারই ফাইল তোলা হয়েছে। তবে এ ফাইল আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত ডাউন (অনুমোদনের প্রক্রিয়া) হয়নি। ফলে আজ এ সংক্রান্ত চিঠি পাঠানোর সম্ভাবনা নেই।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এমপিওভুক্ত জনবলের নতুন পে-স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে শিগগিরই চিঠি পাঠানো হবে। মাউশির হিসাবে ভুল হওয়ায় নতুন করে সবকিছু করতে হবে। আশা করছি চলতি সপ্তাহে চিঠি পাঠানো সম্ভব হবে।’
জানা গেছে, মাউশি থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন দিতে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছিল। তবে ওই হিসাবে অনেক বড় ভুল হয়েছে। নবম পে-স্কেলে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন দিতে ৬ হাজার ৮৯৫ কোটি টাকার প্রয়োজন।
সূত্রের তথ্য বলছে, সম্প্রতি অর্থ বিভাগ থেকে হিসাবে ভুল হওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে চিঠি পাঠিয়ে পুনরায় হিসাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে নতুন করে হিসাব পাঠায় মাউশি।
বেতন-ভাতার তথ্য দিতে এমন ভুল হওয়ার কারণ জানতে চাইলে নাম অপ্রকাশ করার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেতন-ভাতার তথ্য ৫ দিয়ে গুণ করার কথা ছিল। তবে যারা এ হিসাব তৈরি করেছে তারা আরও কম দিয়ে করেছে। সেজন্য এমন সমস্যা হয়েছে।’