নবম পে স্কেল: কারিগরি শিক্ষকদের বেতনে প্রয়োজন ১২২১ কোটি টাকা, হিসাব জমা মন্ত্রণালয়ে
নবম পে স্কেল অনুযায়ী এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রয়োজন হবে ১ হাজার ২২১ কোটি টাকা। এ অর্থের হিসাব শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে জমা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। পে স্কেল কার্যকরের প্রস্তুতি হিসেবে এ হিসাব পাঠানো হয়েছে। তবে গেজেট প্রকাশ ও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির আগে নতুন পে স্কেল অনুযায়ী বেতন কার্যকরের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
রবিবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সাইফুল হক খান।
মোহাম্মদ সাইফুল হক খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নবম পে স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের হিসাব আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, গেজেট প্রকাশের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হলে এবং বাজেট বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা এটি কার্যকরের ব্যবস্থা নেব।’