১৯ নভেম্বর ২০২৬, ১৯:২৯

স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে

শ্রেণিকক্ষে শিক্ষার্থী  © ফাইল ফটো

দেশের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে ফের আলোচনা হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, তাপমাত্রা কমে গেলে বা শৈত্যপ্রবাহ শুরু হলে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়। শীতের সময় এক শিফটের বিদ্যালয়ে সকাল ১০টায় ক্লাস শুরুর রেওয়াজ রয়েছে। তবে ডাবল বা দুই শিফটের প্রতিষ্ঠানের ক্লাস সূচিতে কোনো পরিবর্তন আনা হয় না।

সূত্রের তথ্য বলছে, এবার সামগ্রিকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা যায় কিনা সে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। বিশেষ করে আসন্ন রমজানে স্কুলের পাঠদান কীভাবে চলবে তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও সূত্রের দাবি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্কুলের পাঠদানের সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধন্ত হয়নি। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে কয়েকজন আলোচনা করেছেন। আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। আলোচনা শেষে কী সিদ্ধান্ত হয় তা জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, শিক্ষাপঞ্জি অনুযায়ী, শীতকালীন অবকাশ ও বড় দিন মিলিয়ে ডিসেম্বরের শেষ দিকে স্কুলগুলোতে ৮ থেকে ১০ দিনের ছুটি থাকে। তবে এবার শীত কতদিন পর্যন্ত স্থায়ী হবে তা এখনও জানায়নি আবহাওয়া অধিদপ্তর। শীতকালে কোমলমতি শিক্ষার্থীরা নানা অসুখে আক্রান্ত হয়ে থাকেন। এ জন্য এবার স্কুলে পাঠদানের বিষয়টি আগে থেকেই ঠিক করতে চায় সরকার। এ জন্য বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।