জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
সরকারি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় বগুড়ার আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো—বগুড়ার কাহালু উপজেলার পৌরসভায় অবস্থিত কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয় এবং মনসুর হোসেন ডিগ্রি কলেজ। গত ১৫ ও ১৬ নভেম্বর পৃথক দুটি চিঠি থেকে এই তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
চিঠির তথ্যমতে, উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকেই জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিস-১ ও সদস্য সচিব, ‘মাননীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংসদীয় আসন-৩৯, বগুড়া-৪-এর নির্বাচনী এলাকার অন্তর্গত বগুড়া জেলার কাহালু উপজেলার পৌরসভায় অবস্থিত ‘কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়’ জাতীয়করণের জন্য নীতিমালা অনুযায়ী সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ চিঠি দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন।
অন্যদিকে, বগুড়ার মনসুর হোসেন ডিগ্রি কলেজের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়েও শিক্ষা সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে প্রতিষ্ঠান দুটির বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
স্কুল সম্পর্কে যা আছে এমপির আবেদনপত্রে
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী বরাবর দেওয়া আবেদনে উল্লেখ করেন, বগুড়া জেলার কাহালু উপজেলা পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এ অঞ্চলে নারীশিক্ষার প্রসার ও কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বিদ্যালয়টি প্রায় ১ দশমিক ৩৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত। এতে দুটি বহুতল ভবন, একটি টিনশেড ভবন ও একটি খেলার মাঠ রয়েছে। ঐতিহ্যবাহী ও প্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে মাধ্যমিক পর্যায়ে নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়টিতে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও কারিগরি শাখা চালু রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি প্রতিবছরই কাহালু উপজেলায় শীর্ষস্থান অর্জন করে উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করে আসছে।
বিদ্যালয়টি ১ জানুয়ারি ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে এখানে ২৮ জন অভিজ্ঞ শিক্ষক ও ৬ জন দক্ষ কর্মচারী কর্মরত রয়েছেন। বিদ্যালয়টিতে বর্তমানে ৯৫০ জন ছাত্রী অধ্যয়নরত।
আবেদনে বলা হয়, অত্র অঞ্চলে শিক্ষার হার বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। এলাকার সাধারণ মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণের দাবি, বিদ্যালয়টি জাতীয়করণ করা হোক। এটি জাতীয়করণ করা হলে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সরকারি সুযোগ-সুবিধা পেয়ে পড়াশোনার আরও ভালো সুযোগ পাবে।
কলেজ সম্পর্কে যা আছে এমপির আবেদনপত্রে
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার প্রাণকেন্দ্রে বগুড়া-নাটোর মহাসড়কসংলগ্ন এলাকায় তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম মনসুর হোসেনের দানকৃত ৭ দশমিক ২১ একর জমির মধ্যে ৩ দশমিক ৭০ একর জমির ওপর ঐতিহ্যবাহী মনসুর হোসেন ডিগ্রি কলেজটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি এ অঞ্চলে শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখে আসছে। এ কলেজ থেকে পাস করা অনেক শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত রয়েছেন। কলেজটি বগুড়া জেলার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান এবং নন্দীগ্রাম উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ কলেজ।
কলেজটি প্রতিষ্ঠার পরপরই শুরু হয় মহান স্বাধীনতাসংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর রোষানলে পড়ে আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানটি মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। পুড়ে যায় প্রয়োজনীয় অনেক কাগজপত্র। পরবর্তী সময়ে নানা প্রচেষ্টার মাধ্যমে কলেজটিকে পুনরায় প্রতিষ্ঠিত ও সচল করা হয়।
বর্তমানে কলেজটিতে একটি বিশাল তিনতলা ভবন, তিনটি দোতলা ভবন, একটি পাকা একতলা ভবন ও একটি টিনশেড ভবন রয়েছে। এ ছাড়া একটি পুকুর, একটি খেলার মাঠ এবং মাঠসংলগ্ন একটি বড় মসজিদ রয়েছে। কলেজে দুটি কম্পিউটার ল্যাব ও একটি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ রয়েছে। পুরো কলেজ ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। শিক্ষার্থী সংকটের সময়েও বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৪৪০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানও এ কলেজের মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। পাবলিক পরীক্ষায় কলেজটির ফলাফলও বেশ সন্তোষজনক।
উপজেলা পর্যায়ে একটি করে কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়া হলে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিবের স্বাক্ষরিত সরকারিকরণের খসড়া তালিকায় মনসুর হোসেন ডিগ্রি কলেজের নাম দুই নম্বর ক্রমিকে ছিল। কিন্তু সরকারিকরণের সব শর্ত ও যোগ্যতা পূরণ করা সত্ত্বেও কলেজটিকে সরকারিকরণ না করে পার্শ্ববর্তী নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজকে সরকারিকরণ করা হয়। এ অবস্থান এই প্রতিষ্ঠানটিকেও জাতীকরণের দাবি জানানো হয়।