১৯ নভেম্বর ২০২৬, ১২:১৬

অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে নতুন দুই বিভাগের অনুমোদন

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে নতুন বিভাগ ও স্নাতক প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ডিপার্টমেন্ট অব জেনারেল অ্যাভিয়েশন’ এবং এ বিভাগের অধীনে ‘বিএসসি ইন অ্যারোনটিক্স’ প্রোগ্রাম। চলতি শিক্ষাবর্ষ থেকেই এসব কার্যক্রম চালু হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের ইউনিভার্সিটির ভিসির অনুরোধে আজ এই শিক্ষাবর্ষ থেকেই 'ফ্যাকাল্টি অফ এভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি' অনুষদের অধীনে 'ডিপার্টমেন্ট অফ জেনারেল এভিয়েশন' অনুমোদন দেওয়া হলো। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডিপার্টমেন্ট অফ জেনারেল এভিয়েশনের অধীনে ‘বিএসসি ইন অ্যারোনটিক্স’ প্রোগ্রামেরও অনুমোদন দেওয়া হলো।’

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও সমৃদ্ধ ও উন্নত করা। দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা, প্রতিযোগিতা এবং বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা প্রধানমন্ত্রী উপলব্ধি করেন। এ অঙ্গীকার বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়নে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে বাংলাদেশের সামনে বিপুল সম্ভাবনা রয়েছে। বিমান বাহিনীর জন্য যেমন আকাশ উন্মুক্ত, তেমনি প্রধানমন্ত্রীও সম্ভাবনার ক্ষেত্রে ‘স্কাই ইজ দ্য লিমিট’ বলে মনে করেন। এ কারণেই প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং এ খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিচ্ছেন।