১৯ নভেম্বর ২০২৬, ১২:১৬

বিমানে ৭০০ পাইলটসহ সাড়ে চার হাজার জনবল প্রয়োজন হবে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দিচ্ছেন  © সংগৃহীত

দেশে বিমানের বর্তমানে ১৯টি এয়ারক্রাফট রয়েছে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিমানে আরও ৩৫টি এয়ারক্রাফট সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামীতে বাংলাদেশে প্রায় ৬০০ থেকে ৭০০ পাইলট, দুই থেকে আড়াই হাজার টেকনিশিয়ান এবং ৯০০ থেকে ১২০০ কেবিন ক্রু-সহ প্রায় সাড়ে চার হাজার জনবল প্রয়োজন হবে।

তিনি বলেন, পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে বাংলাদেশে ১২.৫ মিলিয়ন (১ কোটি ২৫ লাখ) যাত্রী পরিবহন করেছে বাংলাদেশ বিমান। আগের বছরগুলোতেও একই ধারাবাহিকতা ছিল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল কীভাবে বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও সমৃদ্ধ ও উন্নত করা যায়। তিনি বিশ্বাস করেন, সামনে এগিয়ে যেতে হলে আমাদের এই বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা এবং সংশ্লিষ্ট খাতে প্রচুর বিনিয়োগ করতে হবে। সেই অঙ্গীকারে তিনি অটল রয়েছেন। তিনি জানেন, আমাদের এই দেশকে সামনে এগিয়ে নিতে হলে এই সেক্টরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও খবর: শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিতে গুরুত্বারোপ রিজভীর

তিনি আরও বলেন, ‘‘যেমনিভাবে বিমান বাহিনীর জন্য আকাশ উন্মুক্ত, তেমনিভাবে প্রধানমন্ত্রী অপরিসীম সম্ভাবনার ক্ষেত্রে ‘স্কাই ইজ দ্য লিমিট’ মনে করেন। সে কারণেই তিনি আজ আমাদের শিক্ষাব্যবস্থাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন এবং সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়ে যাচ্ছেন।’’