১৮ নভেম্বর ২০২৬, ১৬:৩০

হিসাবে ভুল, শিক্ষকদের পে-স্কেলে বেতন নিয়ে ফের অর্থ বিভাগে চিঠি পাঠাবে মন্ত্রণালয়

প্রতীকী ছবি   © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পে-স্কেলে বেতন-ভাতা দিতে পুনরায় অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে বলে জানা গেছে। বেতন-ভাতার হিসাবে ভুল হওয়ায় নতুন করে চিঠি পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন দিতে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছিল। তবে এই হিসাবে অনেক বড় ভুল হয়েছে। নবম পে-স্কেলে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন দিতে আরও বেশি অর্থের প্রয়োজন।

সূত্রের তথ্য বলছে, সম্প্রতি অর্থ বিভাগ থেকে হিসাবে ভুল হওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে চিঠি পাঠিয়ে পুনরায় হিসাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'নতুন করে হিসাব তৈরির কার্যক্রম প্রায় শেষ দিকে। আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার নতুন করে হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হবে।'