১৬ নভেম্বর ২০২৬, ১৭:৫০

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো  © সংগৃহীত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার পেশাদারিত্ব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সুসান ভাইজ। তিনি সব মাধ্যমের শিক্ষকদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন, প্রাক্‌-চাকরি প্রশিক্ষণ এবং নিয়মিত পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কনটেন্ট ও শিক্ষা প্রযুক্তি (এডটেক) খাতে বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়াতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বাড়াতে সরকারের ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। এর মাধ্যমে উন্নত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ সময় পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন পদ্ধতি, স্বাস্থ্যশিক্ষা ও টেকসই উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়েও আলোচনা করেন তিনি।

বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।