১৬ নভেম্বর ২০২৬, ১৭:১০

এমপিও শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়   © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে পৃথক আদেশ জারি করতে হবে। এ আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চলতি সপ্তাহে শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট জারি হতে পারে বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন। বিষয়টি জানিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়। অর্থ বরাদ্দে সম্মতি পাওয়া গেলেও পে-স্কেল কার্যকর করতে পৃথক প্রজ্ঞাপন বা আদেশ জারি করতে হবে। 

সূত্রের তথ্য বলছে, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক একদিনের মধ্যে আদেশ জারির অনুরোধ জানিয়ে পৃথক চিঠি পাঠান। এখন নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার বিষয়টি গেজেট আকারে জারি করতে কাজ করছে অর্থ বিভাগ।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চডর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক গেজেট দ্রুত সময়ে জারির জন্য প্রতিনিয়ত অর্থ বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে পৃথক গেজেট জারির চেষ্টা করছে অর্থ বিভাগ। আশা করছি চলতি সপ্তাহে শিক্ষকদের সুখবর দিতে পারব।’

এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতার হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত তথ্য পাঠানো হবে বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, কারিগরিতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে কত টাকা প্রয়োজন হতে পারে তার একটি হিসাব বিবরণী তৈরির কাজ চলছে। আগামী বুধবারের মধ্যে হিসাব তৈরির কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। বুধবার হিসাব তৈরি হলে বৃহস্পতিবারের মধ্যে তথ্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'হিসাব তৈরির কাজ প্রায় শেষ। আশা করছি চলতি সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।'

জানা গেছে, এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন দিতে প্রায় দুই হাজার কোটি টাকা প্রয়োজন। বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাদ্রাসা অধিদপ্তর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে দুই হাজার কোটি টাকা অতিরিক্ত লাগবে বলে জানানো হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এখনো তথ্য পাঠানো হয়নি। দুই অধিদপ্তরের তথ্য একত্রিত করে অর্থ বিভাগে অতিরিক্ত টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের জন্য যে অর্থ প্রয়োজন হবে সেটি একত্রিত করে একটি চিঠি অর্থ বিভাগে পাঠানো হবে।’