বয়স নিয়ে জটিলতা, ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে যা বলছে মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ পাওয়া ১-১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগের সবচেয়ে বড় বাধা বয়স বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এই নিবন্ধনধারীদের নিয়োগ দিতে হলে সরাসরি নির্বাহী আদেশে নিয়োগ হতে হবে বলে মনে করছে মন্ত্রণালয়।
রবিবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সারা দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ হাজারের বেশি পদ শূন্য রয়েছে। এ পদগুলো পূরণ করতে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়া যায়। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে বিশেষ ক্ষমতাবলে তাদের নিয়োগ দিতে পারে।
সূত্রের তথ্য বলছে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিও নীতিমালায় প্রার্থীদের চাকরির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর উল্লেখ করা হয়েছে। ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ সম্ভব নয়। তাদের নিয়োগ দিতে হলে সরকারের নির্বাহী আদেশ প্রয়োজন হবে। এ নির্বাহী আদেশ জারি করতে হলে শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শূন্য পদ রয়েছে। ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা চাইলেই তাদের নিয়োগ হয়ে যাবে না। এ জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে নির্বাহী আদেশ জারি করা যেতে পারে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘নির্বাহী আদেশ জারির পূর্বে চাকরির বয়সসীমা সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিতে হবে। সবগুলো ধাপ সম্পন্ন করার পর তাদের নিয়োগ সুপারিশ করা যেতে পারে।’
এদিকে ১-১২ তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবি আদায়ে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন চাকরিপ্রার্থীরা। রবিবার (১৫ নভেম্বর) নিয়োগপ্রত্যাশীরা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেননে এ সময়সীমা বেধে দেন তারা।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে ১-১২তম নিবন্ধনধারীরা বলেন, তারা তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এর মাধ্যমে তারা তাদের দাবিগুলো তুলে ধরবেন। তারা বিভিন্ন সময়ে এসব তুলে ধরলেও বাস্তবায়ন হয়নি। এ কারণে আজকের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। তারা তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেওয়ার আহবান জানান।
চাকরিপ্রার্থীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ১৫ জানুয়ারির প্রতিশ্রুতি এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংদীয় স্থায়ী কমিটির ১-১২ তমদের নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
দাবি পূরণ না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, সাত দিনের মধ্যে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন না হলে আমরা প্রতিটি বিভাগে মহাসমাবেশ করব। এর মধ্যে যদি প্রজ্ঞাপন দিয়ে দেয় তাহলে আমরা আনন্দ মিছিল করব। তা না হলে পরবর্তী সপ্তাহে এসে আমরা মহাসমাবেশ করব।
এ ছাড়া গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে একটি অনলাইন গণমাধ্যমের সম্পাদকের ১-১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন বলে তারা জানিয়েছেন।
এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বারক্ষিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন স্থায়ী কমিটিকে অবহিত করা হয় এবং ১-১২ তম নিবন্ধনকারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএ কর্তৃক গৃহীত সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। কমিটি ১-১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করেছে।