১৪ নভেম্বর ২০২৬, ১৩:০৭

জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা মন্ত্রণালয়   © ফাইল ছবি

বরিশালের আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুই চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠি দুটি মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠান দুটি হলো— উজিরপুর উপজেলার ‘উজিরপুর আলহাজ্ব বি এন খান ডিগ্রি কলেজ’ এবং বাবুগঞ্জ উপজেলার ‘বাবুগঞ্জ ডিগ্রি কলেজ’। 

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল থেকে কলেজ দুটি জাতীয়করণের প্রস্তাব পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

প্রতিবেদনে সংশ্লিষ্ট উপজেলার আয়তন, ইউনিয়নের সংখ্যা, মোট জনসংখ্যা, কলেজ জাতীয়করণের যৌক্তিকতা এবং উপজেলায় বর্তমানে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, সেসব তথ্য অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।