জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে এই তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হাতে পেয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।
জাতীয়করণের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো — রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি; সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা, ভোলা;
চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাশন, ভোলা; জয়নুল আবদীন ল্যাবরেটরি হাই স্কুল, দৌলতখান, ভোলা; জনতা মডেল উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা, সুনামগঞ্জ;
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, হাইমচর, চাঁদপুর; বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া; নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর; কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যায়লয়, কটিয়াদী, কিশোরগঞ্জ; শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল; দিরাই উচ্চ বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ; লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট; কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেটন গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুল, দক্ষিণ সুরমা সিলেট; পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ; শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, শাল্লা, সুনামগঞ্জ; চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা, পটুয়াখালী।
এছাড়া বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পৃথকভাবে দুটি সরকারি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলেও জানা গেছে।
তবে অভিযোগ রয়েছে, শিক্ষার মান, ফলাফল ও অবকাঠামোগত সক্ষমতায় এগিয়ে থাকা অনেক প্রতিষ্ঠান জাতীয়করণের তালিকায় স্থান পায়নি। অথচ তুলনামূলকভাবে পিছিয়ে থাকা কিংবা প্রত্যাশিত ফল না করা কিছু প্রতিষ্ঠান তালিকায় জায়গা করে নিয়েছে। বিএনপি সরকার গঠনের পর জাতীয়করণ হওয়া কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে থাকা অধিকাংশ প্রতিষ্ঠানই সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী এবং এমপিদের সুপারিশের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান সরকারিকরণ বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে পড়ে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা, ভৌগোলিক প্রয়োজন কিংবা সরকারি প্রতিষ্ঠানের ঘাটতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হলে তা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে স্বচ্ছ ও অভিন্ন নীতিমালা ছাড়া শুধু ব্যক্তি, রাজনৈতিক নেতা বা প্রভাবশালীদের সুপারিশের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হলে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে।
তাদের মতে, প্রভাবশালীদের সুপারিশে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ফলে বৈষম্য তৈরি হওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও তদবিরের সংস্কৃতি আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে এ ধরনের তদবির ও সুপারিশের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে। একইসঙ্গে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারিকরণ থেকে বঞ্চিত হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নেওয়া দরকার।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাতীয়করণের জন্য নীতিমালা প্রয়োজন। এটি থাকলে তখন সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। তবে কোনো সরকারই এই নীতিমালা করতে ইচ্ছুক নয়। কেননা নীতিমালা না থাকার সুযোগ সরকার যে কোনো প্রতিষ্ঠানকেই সরকারি করতে পারছে।’