১১ নভেম্বর ২০২৬, ১৩:৫১

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমালা প্রকাশ

স্কুলে ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করেছে সরকার। 

এর আগে, ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর। নতুন নীতিমালায় সেই বয়সসীমা এক বছর বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশী তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে [জন্ম তারিখ ০১-০১-২০২০ হতে ৩১-১২-২০২০ পর্যন্ত]। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। 

 ভর্তি পরীক্ষার পদ্ধতি
১ম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি সম সংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।

২য়-৯ম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৮ম শ্রেণি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য হতে ৯ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে।

ভর্তি পরীক্ষার সময় ও মান বণ্টন
২য়-৩য় শ্রেণি পর্যন্ত পূর্ণমান- ৫০; বাংলা-১৫. ইংরেজি-১৫ ও গণিতে-২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা।

৪র্থ-৯ম শ্রেণি পর্যন্ত পূর্ণমান- ১০০; বাংলা-৩০, ইংরেজি-৩০ ও গণিতে-৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসন সংখ্যা উল্লেখপূর্বক ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয়/স্থানীয় পত্রিকায়/ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেবেন।

নীতিমালা দেখুন এখানে