১০ নভেম্বর ২০২৬, ২০:৫১

শিক্ষায় ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন  © সংগৃহীত

পাঠ্যক্রমে এআই শিক্ষা অন্তর্ভুক্তি, প্রযুক্তি ল্যাব স্থাপন, নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্প, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার শেখানো ও ইউনেস্কোর সঙ্গে সমন্বিত উদ্যোগসহ মোট ৫টি প্রধান উদ্যোগের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।  মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, এই নির্বাচিত সরকার আগামী প্রজন্মকে এআইয়ের সঙ্গে সংশ্লিষ্টতা এবং তাকে যুগোপযোগী করার জন্য বর্তমানে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমরা জানি, আমরা ফোর্থ জেনারেশন অব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে রয়েছি। যেখানে ন্যানোটেকনোলজি, রোবোটিকস এবং এআই অত্যন্ত অপরিহার্য হয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা আইসিটি এডুকেশনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচ্ছি এবং সেই লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমরা আইসিটি এবং এআই এডুকেশন অন্তর্ভুক্ত করতে যাচ্ছি।

শিক্ষামন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণিতে আমরা রেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকস। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমরা ষষ্ঠ শ্রেণিতে প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস (আইওটি), বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যবহারের নির্দেশিকাও যুক্ত করেছি।

‘অষ্টম শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থান ও কর্মসংস্থান সৃষ্টি, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ও সরকারি ই-সেবা আমরা সংযুক্ত করেছি।নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস, ন্যানোপ্রযুক্তি, ইন্টারনেট ও ইন্টারনেট অব থিংস আমরা সংযুক্ত করেছি।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আরও সংযুক্ত করেছি ধারাবাহিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এআইয়ের প্রয়োগ, বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ, রোবোটিকস, ন্যানোটেকনোলজি এবং এআই।’

‘মাননীয় স্পিকার, এআই শিক্ষার্থীদের নিজেরা যেমনিভাবে শিখতে সাহায্য করে, এআই এবং তার দেওয়া তথ্য কীভাবে বাছাই করতে হয়, সেটাও শেখাতে হবে। এই বছর সিঙ্গাপুরে স্কুল পাঠে এই অগমেন্টেডের তথ্য যাচাই ও ডিপফেক যুক্ত করেছে। আমাদের দেশও গত কয়েক দিন আগে সাইবার অ্যাটাকের আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলকভাবে তার ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখেছিল। তাই আমাদের স্কুলের কারিকুলামে এই বয়স অনুযায়ী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং এবং অনলাইন সেফটি শেখাতে হবে।’

তিনি আরও বলেন, মাননীয় স্পিকার, ইতিমধ্যেই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে টেকনোলজি ল্যাব স্থাপন প্রকল্পে এআই, রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং, রিনিউয়েবল এনার্জি ল্যাব এক্সেটেরা আমরা স্থাপন করতে যাচ্ছি। প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার কমবেশি হতে পারে। প্রকল্পিত ব্যয় সাড়ে হাজার কোটি টাকা। ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা... আমরা ভিত্তি করে কমবেশি খরচ করতে পারি। নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, মাল্টিমিডিয়া ক্লাসরুম, টেকনোলজিক্যাল ল্যাব, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, শিক্ষক প্রশিক্ষণ, নতুন ক্লাসরুম নির্মাণেরও আমরা পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠানের সংখ্যা হবে ১ হাজার ৫০টি। প্রকল্পিত ব্যয় হবে ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।

শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, ভেরি রিসেন্টলি ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইক অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ২০২৬ সালের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা। এই এআই যুগের শিক্ষা, সত্য, দ্বন্দ্ব, সীমানা। সেই কনফারেন্সে আমরা বাংলাদেশের পক্ষ থেকে ইউনেস্কোতে যোগদান করেছিলাম। সেখানে এই এআই যেন অপব্যবহার না হয়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকে তাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী দিনে এই দুর্বলতা নিরসন এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাদানের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।