০৯ নভেম্বর ২০২৬, ১৭:১১

পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান যেন ‘ধরি মাছ না ছুঁই পানি’

পাঠ্যবই ও জুলাই গণঅভ্যূত্থান  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁকবদল হলো জুলাই চব্বিশ। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয়ে যে আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে, রাষ্ট্রীয় দমন-পীড়ন ও প্রাণহানির মধ্য দিয়ে তা শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। সেই বহুল আলোচিত গণ-অভ্যুত্থানের ইতিহাস এবার জায়গা পেয়েছে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিকের পাঠ্যবইয়ে। তবে ইতিহাসের এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পাঠ্যবইয়ে যুক্ত হলেও সেখানে আন্দোলনের পটভূমি, বিস্তার, দমন-পীড়ন, শহীদদের আত্মত্যাগ ও নেতৃত্বের ধারাবাহিকতা পর্যাপ্ত বিস্তারিতভাবে উঠে আসেনি। কোথাও শহীদদের ছবি ও পরিচয় অনুপস্থিত, কোথাও আবার আন্দোলনের নেতৃত্ব ও অংশগ্রহণের চিত্র উপস্থাপিত হয়েছে ভিন্নভাবে।

ফলে পাঠ্যবইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের নাম ও সংক্ষিপ্ত বিবরণ যুক্ত হলেও এখনো যেন পুরো ইতিহাসটি বলার ক্ষেত্রে যেন এক ধরনের সতর্ক দূরত্ব বজায় রাখা হয়েছে। অর্থ্যাৎ বিষয় আছে, গভীরতা নেই; ইতিহাস থাকলেও অনুল্লেখিত অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। সবমিলিয়েই জুলাইয়ের গল্প পাঠ্যবইয়ে বিষয়টিকে অনেকেই ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের উপস্থাপনা হিসেবে আখ্যায়িত করছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস পাঠ্যবইয়ে পরিপূর্ণভাবে তুলে ধরা উচিত ছিল। পাঠ্যবইয়ে জুলাইয়ের ইতিহাস অস্পষ্টভাবে বা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ভাবে লেখা অন্যায় হয়েছে। এখন যে সরকার রয়েছে, জুলাই আন্দোলন না হলে কিন্তু তারা দেশেই আসতে পারতেন না। এটা মাথায় রেখেই, জুলাইকে উৎসাহ দিয়েই লিখা উচিত ছিল। জুলাই হলো বিশাল একটা ঘটনা ও সময়। যে সময়টা না আসলে বাংলাদেশের আজকের দিনটা আমরা দেখতে পেতাম না। তাই আমি মনে করি জুলাইকে সঠিক ও সুন্দরভাবে তুলে ধরা উচিত। লেখকসহ সংশ্লিষ্ট সবার এ বিষয়টাকে মাথায় রাখা উচিত ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, জুলাই বিপ্লবকে অভ্যূত্থান বলে প্রথমে এর গুরুত্বকে আড়াল করা হয়েছে। এরপর অভ্যূত্থান নামকরণ করেও এর ইতিহাসকে পাঠ্যবইগুলোতে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের ইতিহাস পাঠ্যবইয়ে আরও সুস্পষ্ট, বিস্তারিত ও পূর্ণাঙ্গভাবে তুলে ধরা প্রয়োজন ছিল। বিষয়টি যেভাবে অস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও তাৎপর্য অনেকটাই আড়ালে থেকে গেছে। জুলাই গণ-অভ্যুত্থান না হলে আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তৈরি হতো না, এমনকি বর্তমান সরকারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার সুযোগ পেত না। এই ঐতিহাসিক ঘটনার পটভূমি, শিক্ষার্থীদের ভূমিকা, শহীদদের আত্মত্যাগ এবং অভ্যুত্থানের তাৎপর্য যথাযথ গুরুত্ব দিয়ে তুলে ধরা উচিত ছিল। পাঠ্যবই প্রণয়নের সঙ্গে যুক্ত লেখক ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন বলেই প্রতীয়মান হয়। দাঁড়িপাল্লা-নৌকার রাজনৈতিক দ্বন্দ্ব সামনে এনে প্রকৃত বিষয়কে আড়াল করা হয়েছে কিনা সেটি সংশ্লিষ্ট কতৃপক্ষের বিবেচনা করা জরুরি বলে মনে করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস পাঠ্যবইয়ে পরিপূর্ণভাবে তুলে ধরা উচিত ছিল। পাঠ্যবইয়ে জুলাইয়ের ইতিহাস অস্পষ্টভাবে বা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ভাবে লেখা অন্যায় হয়েছে। এখন যে সরকার রয়েছে, জুলাই আন্দোলন না হলে কিন্তু তারা দেশেই আসতে পারতেন না। এটা মাথায় রেখেই, জুলাইকে উৎসাহ দিয়েই লিখা উচিত ছিল।— অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, সাবেক প্রো-ভিসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাবি শিক্ষক

বিষয়টি অনুসন্ধানে মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সবকটি পাঠ্যবই পর্যালোচনা করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হলেও আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের অবদান এবং অভ্যুত্থানের প্রেক্ষাপট যথাযথভাবে তুলে ধরা হয়নি। কোথাও আন্দোলনের উল্লেখ থাকলেও নেই সংশ্লিষ্ট আলোকচিত্র, কোথাও কবিতার মাধ্যমে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, আবার কোথাও আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা নিয়েও অস্পষ্টতা রয়েছে।

ষষ্ঠ শ্রেণির বাংলা বই ‘চারুপাঠ’-এ ১৯৬৯ ও ১৯৯০ সালের গণ-আন্দোলনের পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের দুটি ছবি যুক্ত করা হয়েছে। তবে ছবিগুলোতে আন্দোলনের উপস্থিতি থাকলেও শহীদদের আত্মত্যাগের কোনো দৃশ্যমান প্রতিফলন নেই। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদসহ ১৬ জুলাই সারাদেশে নিহত ছয় শহীদের কারও ছবি বইটিতে স্থান পায়নি। অথচ ১৬ জুলাইয়ের ঘটনা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।

একই বইয়ে ‘কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা’ শিরোনামে একটি অধ্যায় রাখা হয়েছে। অধ্যায়টিতে কার্টুন ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বক্তব্য প্রকাশের বিষয় তুলে ধরা হলেও জুলাই গণ-অভ্যুত্থানের সময় বহুল আলোচিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আঁকা কোনো ব্যঙ্গচিত্র স্থান পায়নি। এ ছাড়া আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গচিত্র ও মিম এবং দেশের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে আঁকা প্রতিবাদী গ্রাফিতির বিষয় উল্লেখ করা হয়েছে। কিন্তু এসবের কোনো নমুনা বা আলোকচিত্র যুক্ত করা হয়নি। ফলে আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও প্রতিবাদী প্রকাশভঙ্গি সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ সীমিত থাকছে।

সিঁথি কবিতায় আত্মত্যাগ-বেদনার চিত্র ফুটে উঠলেও কোথায় ‘জুলাই’ শব্দটি উল্লেখ করা হয়নি

অন্যদিকে, সপ্তম শ্রেণির বাংলা বই ‘সপ্তবর্ণা’র কবিতা অংশে ‘সিঁথি’ নামে একটি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘সিঁথি’ কবিতায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ, রক্তপাত, শোক ও স্বজন হারানোর বেদনা রূপক ও চিত্রকল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে কবিতাটিতে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো সুস্পষ্ট প্রেক্ষাপট, আন্দোলনের ধারাবাহিকতা, শিক্ষার্থীদের দাবিদাওয়া কিংবা অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর উল্লেখ নেই। কোথায়, কী পরিস্থিতিতে এবং কেন এই আত্মত্যাগের ঘটনা ঘটেছিল, সে বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া যায় না। ফলে কবিতাটি পড়ে শিক্ষার্থীরা কিছুটা শোক, বেদনা ও আত্মত্যাগের অনুভূতি পেলেও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, পটভূমি ও তাৎপর্য সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে না। অর্থাৎ, কবিতায় আবেগের প্রকাশ থাকলেও অভ্যুত্থানের ইতিহাস ও বাস্তব ঘটনাপ্রবাহের প্রতিফলন অস্পষ্ট।

অষ্টম শ্রেণির বাংলা বই ‘সাহিত্য-কণিকা’য় ‘গণ-অভ্যুত্থানের কথা’ শিরোনামে একটি অধ্যায় রাখা হয়েছে। এতে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয় তুলে ধরা হয়েছে। তবে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও এর পেছনের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে আলোচিত হয়নি। এ অধ্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদকে ‘ছাত্রনেতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ জুলাইয়ের আন্দোলনে তার আত্মত্যাগ ও ভূমিকা অভ্যুত্থানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আমাদেরকে বিশেষজ্ঞ প্যানেল যেভাবে পরিমার্জনের নির্দেশনা দিয়েছে সেভাবেই হয়েছে। এনসিটিবি থেকে কোনো কিছু যুক্ত বা বাদ দেওয়ার সুযোগ নেই।— ড. মোহাম্মদ কুদরত-ই-হুদা, বিশেষজ্ঞ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)

বাংলা বইয়ের পাশাপাশি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সেখানেও আন্দোলনের ধারাবাহিকতা, গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি। এর মধ্যে একটি বইয়ের মলাটের পেছনের অংশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আনাসের একটি চিঠি ছবি আকারে যুক্ত করা হয়েছে। এটি শহীদের স্মৃতি ও আত্মত্যাগের একটি গুরুত্বপূর্ণ উপস্থাপন হলেও মূল পাঠের ভেতরে আন্দোলনের ইতিহাস ও সংশ্লিষ্ট ঘটনাবলির বিস্তারিত আলোচনার ঘাটতি দেখা গেছে।

এর আগে বইগুলোতে অন্তর্বর্তী সরকারের সময়ে পরিমার্জন আনা হলেও একই বর্ণনা ২০২৭ শিক্ষাবর্ষেও তুলে ধরা হয়েছে।

ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা

ষষ্ঠ শ্রেণির চারুপাঠ
চারুপাঠ বইয়ের গদ্য অংশে— ‘কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা’ পাঠে ১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আন্দোলনের বিভিন্ন সময়ের দেয়াল চিত্র, কার্টুন ও ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে। 

১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি বড় সংগ্রামে দেশের চিত্রশিল্পীসহ নাম না জানা শিল্পীরা নানা শিল্পকর্মের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে পাঠটি বলা হয়েছে। 

১৯৬৯ সালে শেখ তোফাজ্জল হোসেন আকা কার্টুনে দেখা যায়, ‘একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, কিন্তু তার দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে।’ ১৯৯০ সালে পটুয়া কামরুল হাসানের ব্যঙ্গচিত্র শিরোনামে লেখা হয় ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’। 

২০২৪ সালের জুলাই গণ-অভুত্থান— জুলাই গণ-অভ্যুত্থানের সময় চিত্রশিল্পী দেবাশিস চক্রবর্তী অনেক ও পোস্টার এঁকেছেন। যা গণ-অভ্যুত্থানের প্রেরণার উৎস হয়ে থাকবে। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নাম-না-জানা শিল্পীরাই সবচেয়ে বেশি কার্টন আর ব্যঙ্গচিত্র এঁকেছেন। আন্দোলন চলার সময়ে এঁকেছেন, আন্দোলনের পরেও এঁকেছেন। সবচেয়ে বেশি এঁকেছেন সারাদেশের বিভিন দেয়ালে। এগুলোকে গ্রাফিতি বলা হয়। এর পাশাপাশি শিল্পীরা বিপুল ব্যঙ্গচিত্র ও মিম প্রচার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বৈরশাসক সবার মুখ বন্ধ করে দিয়েছিল, কিন্তু কার্টুন-ব্যঙ্গচিত্র আর পোস্টার-মিমের মধ দিয়ে তার বিরুদ্ধে কথা বলা সম্ভব হয়েছিল। সারা দেশের দেয়াল জুড়ে আঁকা অসংখ্য গ্রাফিতি হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা।

সপ্তম শ্রেণির বাংলা বইটি ‘সপ্তবর্ণা’ নামে নামকরণ করা হয়েছে। বইটির পদ্য অংশে সিঁথি নামে একটি কবিতা রয়েছে। হাসান রোবায়েতের এ কবিতায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ‘আবু সাঈদ’-এর জন্মস্থান রংপুর শব্দটি প্রথম লাইনে ব্যবহার করা হয়েছে।

অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বাংলা বইয়ে জুলাই শহীদ আনাসের চিঠি

‘জুলাই’ উল্লেখ না করেই শহীদ আনাসের গল্প
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত শহীদ রাজধানীর স্কুল ছাত্র শাহারিয়ার খান আনাস। আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে প্রথমবারের মতো এই শহীদের স্মরণে চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের ২৪ নম্বর পাঠে ‘শহীদ আনাসের কথা’ নামে একটি পাঠ যুক্ত করা হয়েছে। যদিও এর আগে ২০২৬ সালের অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বইটির শেষ প্রচ্ছদে শহীদ আনাসের চিঠিটির ছবি সংযুক্ত করে দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৭ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো পাঠ আকারে পাঠ্যবইয়ে স্থান পেল শহীদ আনাসের স্মৃতিচারণ। তবে গদ্যটির কোথাও তাকে ‘জুলাই শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়নি। এমনকি পুরো গল্পে ‘জুলাই আন্দোলন’, ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বা ‘জুলাই’ শব্দটিরও উল্লেখ নেই।

‘‌শহীদ আনাস ছিলেন বাংলাদেশের একজন শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। ৫ আগস্ট বাবা-মায়ের উদ্দেশ্যে বিদায়ী চিঠি লিখে ফুসে উঠা কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন এবং চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন। মৃত্যুর সময় তার বয়স ছিলো মাত্র ১৬ বছর ৯ মাস, যা সাধারণ জনতার বিবেকে নাড়া দিয়েছিল।’

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ছিল ২০২৪ সালের ৫ আগস্ট। এ কর্মসূচিতে সেদিনই আওয়ামী সরকারের পতন ঘটে। সেদিন এ কর্মসূচি সফল করতে রাজপথে নামা ছয় আন্দোলনকারীকে গুলি করে রাজধানীর চানখাঁরপুল এলাকায় হত্যা করা হয়। এই ছয় শহীদের একজন শাহারিয়ার খান আনাস। তখন তার বয়স ছিল ১৬ বছর ৯ মাস। তিনি একজন গেজেটভুক্ত জুলাই শহীদ।

রাজধানীর গেন্ডারিয়ার আদর্শ একাডেমিতে বিজ্ঞান বিভাগে দশম শ্রেণিতে পড়ত আনাস। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গেন্ডারিয়ার বাসা থেকে বের হয়েছিল আনাস। বের হওয়ার আগে সে একটি চিঠি লিখে রেখে গিয়েছিল। তার মৃত্যুর পর তার লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সবাইকে আবেগাপ্লুত করে। 

চলতি বছরের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আনাসের মা সানজিদা খান তার ছেলের লেখা ওই চিঠিটি জাতীয় শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পাঠ্যবইয়ে শহীদ আনাসের স্মৃতিচারণে একটি পাঠ যুক্ত করা হচ্ছে বলে আনাসের মা সানজিদা খান দীপ্তিকে আশ্বস্ত করেন। এরপরই মন্ত্রণালয়ের নির্দেশে এনসিটিবি বিষয়টি নিয়ে কাজ শুরু করে। সর্বশেষ চতুর্থ শ্রেণির বাংলা বইয়ে স্থান পেল জুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত এই শহীদের স্মৃতিচারণ।

অষ্টম শ্রেণির ‘সাহিত্য-কণিকা’
‘সাহিত্য-কণিকা’ বাংলা বইটির গদ্য অংশে ‘গণ-অভ্যুত্থানের কথা’ নামে একটি অধ্যায় রয়েছে। লেখকের স্থানে ‘সংকলিত’ লেখা রয়েছে।

বইটিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমি, কারণ, বিস্তার ও পরিণতি তুলে ধরা হয়েছে। এতে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পরও দেশে গণতন্ত্র, ভোটাধিকার, সমতা ও শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণ না হওয়া এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্বৈরশাসন, দুর্নীতি, লুটপাট ও দমন-পীড়নের অভিযোগ বর্ণনা করা হয়েছে।

পাঠে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এর বিস্তার এবং পরবর্তী সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি আন্দোলন দমনে সরকারের নির্যাতন ও হত্যাকাণ্ড, আবু সাঈদ ও মীর মুগ্ধসহ বহু মানুষের প্রাণহানি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাও স্থান পেয়েছে।

পাঠ্যবইয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বলা হয়, ১৯৬৯ ও ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেগুলো পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীরা নিজেরাই আন্দোলনের নেতৃত্ব দেন এবং পরে সর্বস্তরের মানুষ এতে যুক্ত হন।

পাঠ্যবইটির এই অংশে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বলা হয়েছে, ২০১৮ সালে এই আন্দোলন তুঙ্গে উঠলে সরকার কোটাব্যবস্থার সংস্কার না করে সকল ধরনের কোটাই বাতিল করে দেয়। কিন্তু ২০২৪ সালে এসে সরকার আবারও কোটাব্যবস্থাকে ফিরিয়ে আনার কৌশল গ্রহণ করলে ছাত্ররা আন্দোলন শুরু করে। তারা বৈষম্যবিরো ছাত্র আন্দোলন নামের সংগঠন গড়ে তোলে। তাদের সাথে ক্রমশ সকল ধরনের সংগঠন, দল ও ব্যক্তি ফুর হয়ে আন্দোলন শুরু করে। আন্দোলন তীব্র হয়ে উঠলে সরকার তা দমন করতে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ চালায়। কিন্তু তাতেও আন্দোলন থামে না। সরকারি-বেসরকারি সকল ধরনের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ। মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তাদের সাথে যুক্ত হন রিকশাওয়ালা, খেটেখাওয়া মানুষ, অভিভাবর ও শিক্ষকরা।

সরকার আন্দোলনরত জনতাকে স্তব্ধ করে দিতে সব ধরনের পন্থা অবলম্বন করে। কিন্তু দেশরক্ষার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ মৃত্যুভয় তুচ্ছ করে আন্দোলন চালিয়ে যায়। দুহাত প্রসারিত করে বুকে বুলেট নিয়ে মৃত্যুবরণ করেন ছাত্রনেতা আবু সাঈদ। রাজপথে আন্দোলনরত সহযোদ্ধাদের পানি বিতরণ করতে করতে নিহত হন শিক্ষাই মীর মুগ্ধ। মায়ের কোলে থাকা, বাবার হাতে থাকা, ছাদে-বারান্দায় খেলতে থাকা অসংখ্য শিশু নিহত হয় অসংখ্য মা-বাবা ও খেটেখাওয়া মানুষ শাহাদাতবরণ করেন। অবস্থা এমন হয় যে, গুলি করে এবং হত্যা করে মানুষকে রাস্তা থেকে সরকার সরাতে পারে না। এমতাবস্থায় সরকারের প্রধান শেখ হাসিনা জনরোষ খেলে বাঁচার জন্য পালিয়ে ভারতে চলে যান। তৈরি হয় বাংলাদেশের গণ-অভ্যুত্থানের এক নতুন ইতিহাস।

ষষ্ঠ-সপ্তম ও অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে জুলাই শহীদ আবু সাঈদ

ষষ্ঠ-সপ্তম ও অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
এদিকে ষষ্ঠ-সপ্তম ও অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নামে একটি পাঠ রাখা হয়েছে। তিনটি বইয়েই জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দুই হাত মেলিয়ে দাঁড়িয়ে থাকার ছবিও রয়েছে। 

পাঠ্যবইয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের বিস্তার, দমন-পীড়ন ও পরিণতি তুলে ধরা হয়েছে।  দেড় দশকের বেশি সময় ধরে চলা আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসন, গণতান্ত্রিক অধিকার হরণ, খুন-গুম, আয়নাঘর, বিনা বিচারে আটক এবং বিরোধী মতের মানুষের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই গণ-অভ্যুত্থান। এই অভ্যুত্থানকে জুলাই গণ-অভ্যুত্থান নামে অভিহিত করা হয়েছে।

পাঠ্যবইয়ে ২০২৪ সালের জুনে হাইকোর্টের রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের পর শিক্ষার্থীদের আন্দোলন শুরু এবং পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ১৬ জুলাই আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ আন্দোলনকারীদের মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। আন্দোলন দমনে নির্বিচার হত্যাকাণ্ড, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ এবং প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানির তথ্যও এতে তুলে ধরা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৩৩ জন শিশু ছিল বলে পাঠ্যবইয়ে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ‘মার্চ ফর জাস্টিস’, ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ ও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি, নারীদের অংশগ্রহণ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের সংহতির বিষয়টিও পাঠে স্থান পেয়েছে। শেষ পর্যন্ত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান ঘটে। পাঠ্যবইয়ে ২০২৪ সালের এই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের সমসাময়িক ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

জুলাই আন্দোলনকালীন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

এনসিটিবির ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বাংলা বইয়ের বিশেষজ্ঞ ড. মোহাম্মদ কুদরত-ই-হুদা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আমাদেরকে বিশেষজ্ঞ প্যানেল যেভাবে পরিমার্জনের নির্দেশনা দিয়েছে সেভাবেই হয়েছে। এনসিটিবি থেকে কোনো কিছু যুক্ত বা বাদ দেওয়ার সুযোগ নেই।’

এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর ড. এ. কে. এম শওকত আলী খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি এনসিটিবিতে ২০ আগস্ট যোগদান করেছি। বিশেষজ্ঞ প্যানেল যেভাবে দিয়েছে, সেভাবেই পরিমার্জন করা হয়েছে। আমি সবগুলো বিষয় দেখার সুযোগ পায়নি। পাঠ্যবইগুলোতে জুলাই গণ-অভ্যুত্থানের নির্মোহ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ২০২৮ সাল থেকে পরিপূর্ণ আকারে পরিমার্জন হবে।’