ম্যানেজিং কমিটি, এনটিআরসিএর শিক্ষক নিয়োগ, এমপিওভুক্তি, অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা নিয়ে যেসব সিদ্ধান্ত এলো
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই সভায় অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মোঃ রাশেদ মিজান পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন; মোছাঃ তাহসিনা রুশদীর, মোঃ সেলিমুজ্জামান মোল্যা, এমপি; মোঃ জাহান্দার আলী মিয়া, এমপি; বীথিকা বিনতে হোসাইন, এমপি; মোঃ মুজিবুর রহমান, এমপি এবং আতিকুর রহমান মোজাহিদ, এমপি অংশ নেন।
সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী সংশোধনীসহ অনুমোদন ও নিশ্চিত করা হয়। বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সর্বশেষ প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক রেখে প্রবিধান এবং বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রাপ্তি সংক্রান্ত অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে তাগিদ প্রদান করা হয়। বৈঠকে হজ্জযাত্রী ও দূরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকের প্রাধান্য দিয়ে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ প্রদানের সুপারিশ করা হয়।
এনটিআরসিএ কর্তৃক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিষয়ে কমিটিকে অবহিত করা হয় এবং চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে মর্মে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে এনসিটিবির সার্বিক কার্যক্রম বিষয়ে কমিটিকে অবহিতকরা হয় এবং কমিটি কর্তৃক ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিটিকে অবহিত করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক অনুসন্ধান ও তদন্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। এ সময় নন-এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান সম্পর্কে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন স্থায়ী কমিটিকে অবহিত করা হয় এবং ০১-১২ তম নিবন্ধনকারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএ কর্তৃক গৃহীত সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। কমিটি ০১-১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করে।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে কারিগরি শিক্ষার মানোন্নয়নের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে সিনিয়র শিক্ষা সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবি এবং মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট অধিদপ্তর এবং বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।