০৪ নভেম্বর ২০২৬, ১১:২৭

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করলে কি নম্বর কমবে—যা বলছে শিক্ষাবোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড লোগো  © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করলে এ বছর কোনো শিক্ষার্থীর নম্বর কমানো হবে না। তবে পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থী অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলে সেই নম্বর যোগ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।

আজ বুধবার (৪ অক্টোবর) এইচএসসির খাতা পুনর্মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব কথা বলেন তিনি। 

 অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘চলতি বছর ভুলবশত বা যেভাবেই হোক, যে নম্বর দেওয়া হয়েছে, তা আর কমানো হবে না। বরং কোনো শিক্ষার্থী নতুন করে অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য হলে, সেই নম্বর যুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘আগামী বছর থেকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়তেও পারে, কমতেও পারে। যদি কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়ে থাকে, তাহলে পুনর্মূল্যায়নে তা কমতে পারে। তবে এ বছর বিষয়টি শিথিল রাখা হয়েছে। আগামী বছর থেকে মূল্যায়নের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।’

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। এমন শিক্ষার্থীরা চাইলে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।

প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা রবিবার (১ নভেম্বর) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের নিয়ম জানিয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এর আগে, চলতি বছর এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন খাতা মূল্যায়নের পদ্ধতি নিয়ে বলেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধন করে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ আনা হয়েছে। কোনো পরীক্ষক খাতা যথাযথভাবে মূল্যায়ন করেছেন কি না, নম্বর দেওয়ার ক্ষেত্রে অস্বাভাবিকতা রয়েছে কি না—এসব বিষয়ও পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট পরীক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার কথাও জানান তিনি।

পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর বোর্ডের ড্রপডাউন তালিকা থেকে নিজ বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। এরপরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী ধাপে মোট প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, ডিবিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করে জানা যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি প্রদান করে আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো প্রত্যাহার করা যাবে। তবে এ ক্ষেত্রে শুধু যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলোই প্রত্যাহার করা যাবে। পরে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।