সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে যে নির্দেশনা
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত নিয়ে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
আজ সোমবার (২ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসাসমূহের কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তাদের ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে অশালীন, শিষ্টাচারবহির্ভূত এবং উসকানিমূলক পোস্ট দিচ্ছেন। এতে সারাদেশে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং ক্ষেত্রবিশেষে মাদ্রাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদের পরিপন্থি। এছাড়া ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর বিধান অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য।
বিজ্ঞপ্তির শেষে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে মাদ্রাসায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।’