চিকিৎসা শিক্ষায় সহযোগিতায় কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি পরিদর্শনে সিনিয়র সচিব আবদুল খালেক
চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সঙ্গে চিকিৎসা শিক্ষা, শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব জি এম ফারহান ইস্তিয়াক।
আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রতিনিধিদলের সদস্যরা কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনে বিকেল ৩টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন স্কুলটির সেক্রেটারি ঝাং শিয়াওলি। এতে ইউনান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তারা, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ব্যবস্থাপনা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন ঝাং শিয়াওলি। পরে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন লিউ ইয়াজিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম ও চীনে অধ্যয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচির ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন। স্কুলটির উপসচিব ঝু ইউবাও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি নীতিমালা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের পড়াশোনা, শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাসজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে সিনিয়র সচিব মো. আবদুল খালেকসহ বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা বক্তব্য দেন। তারা কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির চিকিৎসা শিক্ষার মান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টির সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশের প্রশংসা করেন।
বৈঠকে দুই পক্ষের মধ্যে চিকিৎসা শিক্ষা ও উচ্চশিক্ষায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় শিক্ষার্থী ভর্তি, চিকিৎসা পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, একাডেমিক বিনিময়, যৌথ গবেষণা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা শিক্ষা অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পায়।
বাংলাদেশের প্রতিনিধিদল কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে। একই সঙ্গে বাংলাদেশের আরও বেশি তরুণ-তরুণীর জন্য চীনে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বাস্তবভিত্তিক যৌথ প্রকল্প গ্রহণের সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, এ সফর বাংলাদেশ ও কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা, গবেষণা ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে চিকিৎসা শিক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠার ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে।