বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের, যা বলছে মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশে আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। তবে শিক্ষকদের আন্দোলনের পরিবর্তে অপেক্ষা করার আহবায়ন জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলির ফল প্রকাশে টেকনিক্যাল কিছু সমস্যা রয়েছে। এ সমস্যাগুলো সমাধান করে দ্রুতই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া কারিগরি শিক্ষকদের বদলির কার্যক্রমও চলমান রয়েছে। মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলি চালু হতে কিছুটা সময় লাগবে। এ অবস্থায় আন্দোলন না করে শিক্ষকদের ধৈর্য ধরার আহবান জানিয়েছে মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির ফল সময় হলেই প্রকাশ হবে। এটি নিয়ে আন্দোলনের কিছু নেই। কারিগরি কিছু বিষয় রয়েছে। এর সমাধান হলে ফল প্রকাশ করা হবে।’
এদিকে বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে একটি টেন্ডার হয়েছে। টেন্ডার হলেও ইভ্যালুয়েশন শেষ হয়নি। প্রথম টেন্ডারের যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিতীয়বার আরেকবার টেন্ডার হবে। এরপর সফটওয়্যার তৈরি হলে শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন।
দুইবার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার কারণ জানতে চাইলে মহাপরিচালক জানান, ‘এটি সার্ভিস টেন্ডার; এজন্য দুইবার করতে হচ্ছে। তবে সব কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে।’
মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে মুহাম্মদ শাহাদাত হোসাইন আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস লেগে যেতে পারে। এর আগে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।’