১১ অক্টোবর ২০২৬, ১৮:৩০

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্প্রসারণে কমিটি হচ্ছে

অনুষ্ঠানে অতিথিবৃন্দ  © সংগৃহীত

দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সম্প্রসারণ এবং উচ্চশিক্ষায় ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।

রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি সম্প্রসারণ করতে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির নেতৃত্ব দেবে ইউজিসি। আগামী শিক্ষাবর্ষ থেকেই ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিষয়টি যেন সমাধান হয় সেটা নিয়ে এই কমিটি কাজ করবে। কমিটির রিপোর্ট পাওয়ার পর আমরা এটি বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ও এবং এ লেভেলে এক লাখ ২০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তবে তাদের জন্য কোনো কারিকুলাম নেই। এ বিষয়ে স্কুলগুলোর কাজ করা দরকার।

সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমুজাদ্দেদী আলফাসানে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেমিনারে আয়োজনের দায়িত্বে থাকা নির্বাহী কমিটিতে ছিলেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের প্রিন্সিপাল মো. মোর্শেদুল ইসলাম, উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মজিদুল হক লিটন, সানিডেইল স্কুলের প্রিঞ্চিপাল ইয়াসমিন হাবিব, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর এবং বসুন্ধরার এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ, সানবিমস স্কুলের প্রিঞ্চিপাল মুনিজে মঞ্জুর, স্কলাস্টিকা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ, সাউথ ব্রিজ স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মিসেস জিনাত আহমেদ, এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের পরিচালক সৈয়দ পারভেজ আহসান।