০৬ অক্টোবর ২০২৬, ২৩:৪৯

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি শেরপুর শিক্ষা ক্যাডারদের

অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ  © টিডিসি ছবি

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফের চাকরি শেষ হওয়ার প্রায় আড়াই মাস আগে বদলির ঘটনায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা ইউনিট।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শেরপুর সরকারি কলেজে সংগঠনের জেলা ইউনিটের জরুরি সভায় এ দাবি জানানো হয়। জেলা ইউনিটের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, প্রফেসর মো. আবদুর রউফ ১৪তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি বর্তমানে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর শেষ কর্মদিবস ৩১ ডিসেম্বর ২০২৬। চাকরিজীবনের প্রায় শেষ সময়ে তাঁকে বদলি করায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা মর্মাহত ও সংক্ষুব্ধ হয়েছেন।

সভায় আরও বলা হয়, প্রফেসর মো. আবদুর রউফ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের কাছে একজন সৎ, যোগ্য ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর পরিবর্তে শিক্ষা ক্যাডারে ১০ শতাংশ কোটায় আত্মীকৃত একজন জুনিয়র কর্মকর্তাকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। এ পদায়নের আদেশ পুনর্বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা থেকে অধ্যক্ষের বদলি আদেশটি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে কলেজের স্বার্থে আশু সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করা হয়। পরে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৪ অক্টোবরের প্রজ্ঞাপনে সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরের অধ্যাপক খাজা মো. জিয়াউল হককে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ পদে বদলি ও পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফকে অধ্যাপক (ব্যবস্থাপনা) হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে নিজ নিজ পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।