বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করতে পূর্বঘোষণা ছাড়াই কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত ‘ফরাজী প্রেস এন্ড পাবলিকেশন্স’ পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দিতে প্রেসটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বইয়ের গুণগত মান ও ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন।
শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন ড. আ ন ম এহছানুল মিলন। বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
পরিদর্শনের সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।