০৪ অক্টোবর ২০২৬, ১৮:১৬

সারাদেশের ১০১ শিক্ষক পাবেন ২ লাখ করে টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র

সারাদেশের ১০১ শিক্ষক পাবেন ২ লাখ করে টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র  © সংগৃহীত

আগামীকাল ৫ অক্টোবর (সোমবার) বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে সারাদেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। এর আগে সম্মাননা দেওয়া হতো ১২ জনকে। এবার সেই সংখ্যা বাড়ল কয়েক গুণ। 

জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবসে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের ২ লাখ করে টাকা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

এদিন দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভাপতিত্ব করবেন। 

যারা পাবেন গুণী শিক্ষক সম্মাননা
সরকার এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশজুড়ে মোট ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরমধ্যে প্রাথমিক থেকে (সাধারণ-৮ জন ও মাদ্রাসা-২ জন) ১০ জন; মাধ্যমিক (সাধারণ-১০ জন, কারিগরি-৫ জন ও মাদ্রাসা-৫ জন) থেকে ২০ জন; কলেজ (সাধারণ-১৫ জন, কারিগরি-৫ জন ও মাদ্রাসা-৫ জন) থেকে ২৫ জন; সাধারণ বিশ্ববিদ্যালয় (সরকারি-১৮ জন ও বেসরকারি-২ জন) ২০ জন; চিকিৎসা (মহাবিদ্যালয়-৫ জন, বিশ্ববিদ্যালয়-৫ জন) থেকে ১০ জন; কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন; প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন; বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন এবং প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত ৬ জন।