২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

বাড়ল পুজার ছুটি, স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটি কত দিন?

শিক্ষার্থী  © সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসছে। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় মোট ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের মানুষ। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে ২২ তারিখ বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে ২০২৬ সালে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ৫ দিনের সরকারি ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে ছুটি শুরুর আগে ও পরে শুক্র ও শনিবার থাকায় আরও অতিরিক্ত ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পেতে পারে শিক্ষার্থীরা।

এছাড়া এরপরই ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজা থাকায় আরও একদিন বাড়তি ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীরা। অর্থ্যাৎ ক্যালেন্ডার অনুযায়ী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর তথা ১০ দিন ছুটির কাটানোর সুযোগ পাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। যদিও সবকিছুই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সিদ্ধান্তের ওপর। একাডেমিক ক্যালেন্ডারের চাহিদা বিবেচনায় এসব ছুটি পরিবর্তন হওয়ার সুযোগও রয়েছে।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ বছর ছুটি রাখা হয়েছে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তথা মোট ১০ দিন (মাঝের দুই শুক্র-শনি ছাড়া)। দুর্গাপূজা ও বিজয়া দশমী ছাড়াও প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা (২৫ অক্টোবর) উপলক্ষে এই ছুটি রাখা হয়েছে। তবে আগে ও পরের শুক্রবার-শনিবার (১৬-১৭ ও ৩০-৩১ অক্টেবর) ধরলে এই ছুটি হয় মোট ১৬ দিন। 

এদিকে পূজা উপলক্ষে সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরাও পাচ্ছেন তিন দিনের ছুটি। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর তাদের ছুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আলাদা আলাদা দিন ছুটির জন্য ধার্য করা হয়েছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয় নিজ নিজ ক্যালেন্ডার অনুযায়ী ছটি দিয়ে থাকে।

বিশ্ববিদ্যালয়ে ছুটি কতদিন
সরকারি ছুটির তালিকা দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়গুলো স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় তারা নিজেদের একাডেমিক ক্যালেন্ডার, প্রশাসনিক সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ছুটির দিন নির্ধারণ করে থাকে। ফলে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছুটির সময়সূচিতে ভিন্নতা থাকতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দেওয়া হতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয় এর আগে বা পরে অতিরিক্ত ছুটি নির্ধারণ করতে পারে। একইভাবে ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের কার্যক্রমের সময়সূচিও প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে। তাই কোনো বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি কত দিন থাকবে বা টানা কত দিনের ছুটির সুযোগ তৈরি হবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পৃথক বিজ্ঞপ্তি বা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।  

৭ দিনের ছুটি পাবেন যারা
২২ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকায় মোট তিন দিনের সরকারি ছুটি পাওয়া যাবে সবাই। তবে ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ফলে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে ঐচ্ছিক ছুটি নিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

অর্থাৎ মহাসপ্তমী ও মহাষ্টমীর ঐচ্ছিক ছুটি আগে থেকে নিয়ে নিলে দুর্গাপূজার সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিনের বিরতি পাওয়া সম্ভব হবে।

বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানও
দুর্গাপূজার সরকারি ছুটির দিনে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কিছু শাখা বা নির্দিষ্ট ব্যাংকিং সেবা চালু থাকতে পারে। এ ছাড়া এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো সাধারণত চালু থাকবে।

জরুরি সেবার কর্মীদের ছুটি নেই
সরকারি ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের দায়িত্ব পালন করতে হতে পারে। জনসেবা সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী ছুটির দিনেও কর্মীদের দায়িত্বে রাখতে পারে। এ তালিকায় রয়েছে হাসপাতাল ও চিকিৎসাসেবার কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী, গ্যাস ও পানি সরবরাহের কর্মী, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য জরুরি সেবার কর্মীরা।

ছুটি পাবেন না যারা
দুর্গাপূজায় সরকারি ছুটি থাকলেও ঐচ্ছিক ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই নির্ধারিত ঐচ্ছিক ছুটি নিয়ে সরকারি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা ৭ দিনের ছুটির সুযোগ পাবেন।

অন্য সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটিই ভোগ করবেন। শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির নিয়ম আলাদা হতে পারে। সরকারি ছুটির পাশাপাশি নিজস্ব সিদ্ধান্ত ও ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা তাদের ছুটির সময় নির্ধারণ করতে পারে।