২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩

মাদ্রাসা শিক্ষকদের বদলি কবে, জানালেন সচিব

সচিব দাউদ মিয়া  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাদ্রাসা শিক্ষকদের বদলির কার্যক্রম থমকে রয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন বদলির অপেক্ষায় থাকা মাদ্রাসা শিক্ষকরা।

মাদ্রাসা শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়ার সঙ্গে। তিনি জানিয়েছেন, ‘মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম নির্ভর করছে বদলি সফটওয়্যার তৈরির ওপর।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত আলাপচারিতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জানান, ‘মাদ্রাসা শিক্ষকদের বদলির জন্য সফটওয়্যার তৈরির কাজ চলছে। সফটওয়্যার তৈরি হতে আরও চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে। এরপর শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।’

সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চললে শিক্ষকদের কাছে ম্যানুয়ালি আবেদন নেওয়া হলো কেন এমন প্রশ্নের জবাবে দাউদ মিয়া আরও বলেন, ‘হার্ড কপিতে আবেদন নেওয়া হয়েছে মূলত শিক্ষকদের তথ্য নেওয়ার জন্য। সফটওয়্যারের মাধ্যমেই বদলি কার্যক্রম পরিচালিত হবে।’

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ৪২ হাজার শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৩০ আগস্ট থেকে আবেদন শুরু হয়ে চলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যার ভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬’ এর বিধি ৩.১৯ মোতাবেক জনস্বার্থে বদলির লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের কাছ থেকে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন গ্রহণের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া শূন্যপদের তালিকা থেকে পছন্দনীয় মাদ্রাসা নির্বাচন করে উল্লিখিত ছক অনুযায়ী নিজের ও স্পাউসের জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর বর্তমান পদের প্রথম ও শেষ এমপিও কপি, বর্তমান যোগদানপত্র এবং স্পাউসের কর্মস্থলের প্রত্যয়ন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) যুক্ত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে।

বদলি আবেদনে যেসব তথ্য দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীর নাম ও ইনডেক্স নাম্বার, আবেদনকারীর স্থায়ী ঠিকানা, বিষয় ও পদের নাম (যোগদানের তারিখসহ), বর্তমান কর্মস্থল জেলা ও উপজেলা (মাদ্রাসার নাম ও প্রতিষ্ঠানের এমপিও নাম্বারসহ), শূন্যপদের বিপরীতে যে প্রতিষ্ঠানে বদলি হতে ইচ্ছুক তার পছন্দক্রম (জেলা, উপজেলার নামসহ ৫টি প্রতিষ্ঠানের নাম), স্পাউসের কর্মস্থল, বর্তমান কর্মস্থল হতে স্থায়ী ঠিকানার দূরত্ব, মন্তব্য।