সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দেবে সরকার, আবেদন যেভাবে
সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ অক্টোবরের মধ্যে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালন বাজেটের আওতায় বিশেষ অনুদান হিসেবে বরাদ্দ অর্থ বিতরণের জন্য চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাইগভ প্ল্যাটফর্মে অনলাইনে আবেদন নেওয়া হয়। তবে নির্ধারিত সংখ্যক যোগ্য আবেদনকারী না পাওয়ায় এবং প্রত্যন্ত, দুর্গম, উপকূলীয়, চরাঞ্চল ও হাওড় এলাকার অনেক সম্ভাব্য প্রার্থীর অনলাইনে আবেদনের সুযোগ সীমিত থাকায় নতুন করে ম্যানুয়াল আবেদন নেওয়া হচ্ছে।
যেসব ক্ষেত্রে অনুদান দেওয়া হবে
বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মেরামত ও সংস্কার, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব করা এবং পাঠাগার উন্নয়নে অনুদান দেওয়া হবে।
বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনাজনিত কারণে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনায় আক্রান্ত, দুস্থ, মেধাবী, এতিম, অদম্য মেধাবী ও দরিদ্র, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে উপকূলীয়, চরাঞ্চল, হাওড় ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও অগ্রাধিকার পাবেন।
আবেদন পদ্ধতি
(ক) শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান প্রাপ্তির জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান/প্রধান শিক্ষক কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে;
(খ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/প্রধান শিক্ষক/অধ্যক্ষ এর মাধ্যমে এবং স্নাতক/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান/অধ্যক্ষ/রেজিস্ট্রার এর মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে;
(গ) প্রতিষ্ঠান প্রধান/অধ্যক্ষ/প্রধান শিক্ষক/রেজিস্ট্রার আবেদনসমূহ গ্রহণ করে প্রাথমিক যাচাই শেষে একত্র করে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবেন;
(ঘ) অনলাইন এবং ম্যানুয়াল পদ্ধতিতে একই আবেদন যেন সুপারিশপ্রাপ্ত না হয় এমন দ্বৈততা পরিহারের লক্ষ্যে জেলা কমিটি হতে ইতোপূর্বে প্রেরিত (অনলাইন আবেদন) সুপারিশকৃত তালিকা এবং এ বিজ্ঞপ্তির আওতায় (ম্যানুয়াল) প্রাপ্ত তালিকা সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতপূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণ করতে হবে;
(ঙ) নির্ধারিত আবেদন ফরম এ বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd) এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা
প্রতিষ্ঠান প্রধান/অধ্যক্ষ/প্রধান শিক্ষক/রেজিস্ট্রার এর মাধ্যমে প্রাপ্ত আবেদনসমূহ জেলা কমিটি কর্তৃক যাচাইপূর্বক সুপারিশকৃত তালিকা আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে ( সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না।