শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
বিগত সরকারের আমলে নির্ধারিত শর্ত পূরণ করার পরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও বঞ্চিত হয়েছে, সেগুলোকে এমপিওভুক্তিকরণে গুরুত্বের সঙ্গে দেখতে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক এ আলোচনা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ২৫ হাজার অবসরভোগী শিক্ষকদের মধ্যে অবসর এবং কল্যাণ সুবিধাভাতা প্রদানের কার্যক্রম গ্রহণ করায় কমিটির পক্ষ হতে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করার পরেও বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত হয়েছে, সেগুলোকে এমপিওভুক্তিকরণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সুপারিশ করেছে।
এ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ডসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকটি একটি পরিচিতমূলক সভা ছিল। তবে বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন না।
সভায় উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সদস্য রেজা কিবরিয়া, মো. সেলিমুজ্জামান মোল্ল্য, মো. জাহান্দার আলী মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ। এ ছাড়াও বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।