এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
সরকারি চাকরিজীবীদের ন্যায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামোতে বেতন পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি ।
এর আগে মঙ্গলবার সকালে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত। এর ফলে তাদের নবম পে-স্কেলের বাইরে রাখার সুযোগ নেই। সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১ জুলাই থেকে তারাও পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তবে ভাতা সুবিধা সরকারি চাকরিজীবীদের ন্যায় হবে না।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এমপিওভুক্ত জনবল নবম পে-স্কেলের আওতায় আসবেন। সরকারি চাকরিজীবীদের যখন থেকে পে-স্কেল কার্যকর হবে, তখন থেকে শিক্ষকরাও এটি পাবেন।’
সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়।
এরপর আলোচনা শেষে নতুন পে-স্কেলে গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে ২০তম গ্রেডে বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়।