শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ পাননি নন-এমপিও শিক্ষকরা
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনের মধ্যেই চার সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য এখনও সচিবালয়ে অবস্থান করছেন তাঁরা।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে নন-এমপিও শিক্ষকদের প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ে না থাকায় আন্দোলনরত শিক্ষকরা মন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাননি। তবে ১৮ তলায় লিফটের সামনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। তবে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এখনও অবস্থান করছেন তারা।
এর আগে আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা।
শিক্ষক প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সামিয়া জাহান পান্না, সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর বরোদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ ও সিলেটের গোলকপুর হাজী আব্দুল হাফিজ স্কুল অ্যান্ড কলেজের মো. কবির উদ্দিন।