‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাবলিক স্কুলে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রেও আমরা রিটেন পরীক্ষা শেষ করার পর মামলার সম্মুখীন হয়েছিলাম। সেটিও শেষ হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই ভাইভার ব্যবস্থা করব।
আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের পাবলিক স্কুল সিস্টেম, মাদ্রাসা ও স্কুলে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। সেই নিয়োগ দেওয়ার আগে যারা বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিংয়ে রয়েছেন, তাঁদের ট্রান্সফারের ব্যবস্থা করছি। আশা করছি, আজকালের মধ্যেই ট্রান্সফারের বিষয়টি শুরু করতে পারব। এরপর আমরা নতুন নিয়োগের দিকে যাব।
তিনি বলেন, আমাদের সরকারি স্কুলের শিক্ষক নিয়োগে পিএসসি আছে। আমরা পিএসসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং কিছু কিছু করে ফলও পাচ্ছি। আমাদের কলেজে শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটিও আমরা অ্যাড্রেস করছি।
তিনি আরও বলেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্রস-বর্ডার এডুকেশন থেকে শুরু করে তাদের গবেষণা বাড়ানো—এসব বিষয়ও আমরা অ্যাড্রেস করছি। আমরা পাবলিক পরীক্ষা আইনও পরিবর্তন করেছি।
আমাদের আগামী দিনে চলার পথে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় ব্যক্ত করেছেন—আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষাব্যবস্থায় যে সকল পরিবর্তন করা দরকার, সেগুলোর দিকে আমরা অ্যাড্রেস করছি।