১৭ আগস্ট ২০২৬, ১৬:৫৯

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয় ও সরকারি লোগো  © টিডিসি সম্পাদিত

বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম দু-একদিনের মধ্যে শুর হতে পারে বলে জানা গেছে। আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (মাদ্রাসা শাখা-১) মো. রাহাত মান্নান। 

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে দু-একদিনের মধ্যে মাদ্রাসা অধিদপ্তরে একটি চিঠি পাঠানো হবে। খুব শিগগিরই ম্যানুয়ালি বদলি কার্যক্রম শুরু হবে। 

বদলি কার্যক্রমের জন্য সফটওয়্যার তৈরি করতে দেরি হচ্ছে বিধায়, যেসব শিক্ষকের বদলি জরুরি প্রয়োজন তাদের জন্য ম্যানুয়ালি কার্যক্রম শুরু করা হবে। 

জানা গেছে, বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানুয়ালি বদলি কার্যক্রম শুরু করতে একটি কমিটি গঠন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তিন সদস্যের এ কমিটিতে অধিদপ্তরের একজন পরিচালক আহবায়কের দায়িত্ব পালন করছেন। এ কমিটির সুপারিশটি মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সুপারিশ ফাইলটি কারিগরি ও মাদ্রাসা বিভাগে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফাইলটি অনুমোদন হয়ে দু-একদিনের মধ্যে একটি চিঠিটি অধিদপ্তরে পাঠানো হবে এবং বদলি কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭, ১ হাজার ২৮৫টি ও ফাজিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।