১০ আগস্ট ২০২৬, ১১:৪৭

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন  © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। ফলাফলে পাসের হার কমার প্রেক্ষাপটে খাতা মূল্যায়নে শিক্ষকদের নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোরতার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় শিক্ষকদের খাতা মূল্যায়ন ও নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থানের পেছনে কোনো বিশেষ বার্তা ছিল কি না এমন প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গড় পাসের হার আগের বছরের তুলনায় কমেছে।

এ বছর ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ৫৭টি, ২০২৫ সালে ছিল ৪৮ টি। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ২২৬টি, ২০২৫ সালে ছিল ৮৬টি। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ২৯টি, ২০২৫ সালে ছিল ০টি।

অংশগ্রহণকারী পরীক্ষার্থী-৪০২ জন, উত্তীর্ণ পরীক্ষার্থী ৩৫৪ জন, অনুত্তীর্ণ পরীক্ষার্থী ৪৮ জন, পাসের শতকরা হার ৮৮.০৬। ১০০ শতাংশ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২টি, ০ শতাংশ উত্তীর্ণ প্রতিষ্ঠান ১টি, বহিষ্কৃত পরীক্ষার্থী ০ জন, কেন্দ্র সংখ্যা ৯ টি।

এবার মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠানো যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।