শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি: শিক্ষামন্ত্রী
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস বরদাশত করা হবে না এবং কেউ উসকানি দিলে তাকেও শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে একটি অনলাইন গণমাধ্যমকে মোবাইল ফোনে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত। পড়ালেখা বাদ দিয়ে যে বা যারা এসব ঘটনায় জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে। আমরা শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস বরদাশত করব না। কেউ উসকানি দিলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।’
গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের সময় লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। এসব ঘটনার প্রভাব দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংঘর্ষে জড়িতদের পাশাপাশি উসকানিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।