০৪ আগস্ট ২০২৬, ২০:২৯

বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বরাদ্দ ৮ কোটি ৩০ লাখ টাকা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ  © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট থেকে ৮ কোটি ৩০ লাখ টাকা বিশেষ অনুদান বরাদ্দ দিয়েছে সরকার। অনুদানের অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করা হবে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান’ খাতে এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে সংযুক্ত তালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হবে।

বরাদ্দের আওতায় দেশের ৪২৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিটি ২৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া ৮৫৩ জন শিক্ষক-কর্মচারী ১৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা অনুদান পাবেন।

শিক্ষার্থীদের মধ্যে ইবতেদায়ি (১ম থেকে ৫ম শ্রেণি) পর্যায়ের ২ হাজার ৮৮৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা দেওয়া হবে। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩ হাজার ১৬৭ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ২ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

এছাড়া এইচএসসি (বিএম), আলিম ও ডিপ্লোমা পর্যায়ের ১ হাজার ১২৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা এবং কামিল, ফাজিলসহ তদূর্ধ্ব শ্রেণির ৫৩৭ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হবে।

আদেশে আরও বলা হয়, অনুদানের অর্থ একাধিক ব্যাংক হিসাব বা মোবাইল নম্বরে পাঠানো যাবে না। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একবারই অনুদান দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ জারির ৭ কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ সম্পন্ন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি অব্যয়িত অর্থ ১০ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে তার প্রমাণপত্র বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।