প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যে আলোচনা হলো
শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যকার রুদ্ধদ্বার সভা শেষ হয়েছে। সভায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের ভাইভা শুরুর প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভা সন্ধ্য সাড়ে ৬টার কিছু আগে শেষ হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর পর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষকদের বদলি শেষ হওয়ার পর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে যারা ভুল পদে সুপারিশ পেয়েছিলেন তাদের দ্রুত প্রতিস্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কীভাবে তাদের সুপারিশ করা হবে সে পদ্ধতি বের করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত একটি দপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'এনটিআরসিএ তাদের বিদ্যমান সমস্যাগুলো সভায় উপস্থাপন করেছে। চাকরিপ্রার্থীদের আন্দোলনসহ অন্যান্য বিষয় তুলে ধরেছেন। সভায় বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে, দ্রুত আপনারা বিষয়গুলো জানতে পারবেন।'