শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে আলোচনা হলো
শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যকার রুদ্ধদ্বার সভা শেষ হয়েছে। সভায় প্রথমে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর পর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভা সন্ধ্য সাড়ে ৬টার কিছু আগে শেষ হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার একটি সূত্র জানিয়েছে, প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার মতামত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. মিলন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরুর পরামর্শও দিয়েছেন। এছাড়া ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে যারা ভুল চাহিদায় সুপারিশ পেয়েছিলেন তাদের প্রতিস্থাপনের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া আগে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত একটি দপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'এনটিআরসিএ তাদের বিদ্যমান সমস্যাগুলো সভায় উপস্থাপন করেছে। চাকরিপ্রার্থীদের আন্দোলনসহ অন্যান্য বিষয় তুলে ধরেছেন। সভায় বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে, দ্রুত আপনারা বিষয়গুলো জানতে পারবেন।'