২৫ জুলাই ২০২৬, ২২:১৯

স্কুলের সমাবেশে সচেতনতামূলক বক্তব্য দিতে হবে শিক্ষকদের

শ্রেণিকক্ষে শিক্ষক  © এআই জেনারেটেড ছবি

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিদিন সমাবেশের সময় সচেতনতামূলক বক্তব্য দিতে হবে শিক্ষকদের। এ নির্দেশনাগুলো বাস্তবায়ন করে অধিদপ্তরকে অবহিত করতে হবে।

বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির ১ম সভার কার্যবিবরণীতে বর্ণিত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো পালনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ ও যথাযথভাবে বাস্তবায়ন করে এ দপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে চিটি পৃষ্ঠাংকন করে সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হলো।

এর আগে অধিদপ্তরকে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সভাপতিত্বে ২৩ জুন অনুষ্ঠিত সভায় এ বিভাগ সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো উল্লেখ করা হলো।

প্রতিদিন সমাবেশের সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ডেঙ্গু সচেতনতামূলক বক্তব্য দিতে হবে। বাচ্চাদের মাধ্যমে ডেঙ্গু বিষয়ে শিক্ষা অভিভাবকদের কাছে পৌঁছাতে হবে। নাগরিকদের সচেতন করতে হবে। স্কুলের শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সচেতনতামূলক লিফলেট বিতরণ করতে হবে এবং এ বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দিতে হবে।

প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর যার যার মতো করে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে লিফলেট প্রস্তুত করবে এবং বিতরণ করবে। সবাইকে সচেতন করতে হবে এবং জবাবদিহি করতে হবে।

এমন অবস্থায়, এই সিদ্ধান্তগুলো যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।