২৩ জুলাই ২০২৬, ১৪:১৮

সাউদার্ন ইউনিভার্সিটির প্রশাসকের নিয়োগ বাতিল

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ  © সংগৃহীত

চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুকের নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার। 

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৫ (৭) ধারা অনুযায়ী সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রামের প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (এলপিআর)-এর নিয়োগ বাতিল করা হলো। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। 

এর আগে, চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে উপাচার্যের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় গত ২৫ মে ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুককে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৫(৭) অনুযায়ী চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ব্রিগেডির জেনারেল মো. ওমর ফারুককে বিশ্ববিদ্যালয়টির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

তবে তাকে কয়েকটি শর্তে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে– এটি একটি সাময়িক নিয়োগ এবং রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বেতন ও ভাতা প্রাপ্য হবেন। একইসঙ্গে প্রশাসক হিসেবে মো. ওমর ফারুককে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও উন্নত করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে বলা হয়েছে। যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাস্তবায়ন করতে হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ মার্চ অধ্যাপক মো. মোজাম্মেল হককে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালের ১ এপ্রিল তার মেয়াদকাল শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই তাকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা হয়। এরপর থেকে উপাচার্যের পদটি শূন্য ছিল এবং বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ উপাচার্যের রুটিন (চলতি) দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে ব্রিগেডির জেনারেল মো. ওমর ফারুককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।